বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল মেয়ে
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সন্ত্রাসীদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বালিয়া ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসীরা হামলা করে বলে জানা যায়।
নিহত স্কুলছাত্রীর নাম সাজেদা আক্তার (১৫)। সে ফুলপুর উপজেলার বালিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বালিয়া গ্রামের আবুল কাশেমের সঙ্গে তাঁর ভাগনে প্রতিবেশী জামাল উদ্দিনের ৪৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমিটি বর্তমানে আবুল কাশেমের দখলে আছে। ওই জমিতে তিনি আমন চাষ করছেন।
গত সোমবার দুপুরে আবুল কাশেম ওই জমিতে সার দিচ্ছিলেন। এ সময় ১০-১৫ জনের সন্ত্রাসী দল গ্রামে ঢোকে। তারা আবুল কাশেমের কাছে গিয়ে জমিটি জামাল উদ্দিনের বলে দাবি করে। এরপর কাশেমের হাত থেকে সারের পাত্র কেড়ে নেয়। এ সময় কাশেম বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকে রামদা দিয়ে কোপাতে শুরু করে। ঘটনা দেখে তাঁর মেয়ে সাজেদা এক সন্ত্রাসীর কোমর ধরে বাবাকে বাঁচানোর চেষ্টা করে। এতে হামলাকারী তার হাতে থাকা অস্ত্র দিয়ে সাজেদার পিঠে কয়েকটি কোপ দেয়। ঘটনাস্থলেই সাজেদা মারা যায়। এরপর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ছাড়া হামলায় কাশেমের অন্য মেয়ে মৌসুমী আক্তার (১৪) ও ভাই আবুল হাসেম (৪০) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে জামাল উদ্দিন পলাতক।
ফুলপুর থানার ওসি মাজহারুল ইসলাম গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।