বাবাকে বেঁধে ছেলেকে হত্যা
নেত্রকোনা জেলা শহরের পাশের বড়গাড়া তেলীগাতি গ্রামে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বাবাকে বেঁধে মারধর করে এবং তাঁর সাত বছর বয়সী ছেলেকে হত্যা করে। নেত্রকোনা মডেল থানার পুলিশ গতকাল শুক্রবার সকালে তেলীগাতি গ্রামের পাশের মগড়া নদীর পাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামের রিকশাচালক আনোয়ার হোসেন তাঁর স্ত্রী ও ছেলে নীরবকে (৭) নিয়ে তিন-চার মাস আগে জেলা শহরে আসেন। তিনি আন্তজেলা বাসস্ট্যান্ডসংলগ্ন মগড়া নদীর অপর পারে তেলীগাতি গ্রামের দিলোয়ার হোসেনের বাসা ভাড়া করে থাকেন। তাঁর স্ত্রী অসুস্থ হওয়ায় গত বুধবার বাবার বাড়িতে চলে যান। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আনোয়ারকে হাত-পা বেঁধে মারধর শুরু করে। এ সময় তাঁর আর্তচিৎকারে নীরব ঘুম থেকে জেগে ওঠে এবং সেও চিৎকার করতে থাকে। মারধরের একপর্যায়ে আনোয়ার অজ্ঞান হয়ে পড়েন এবং দুর্বৃত্তরা শিশুটিকে নিয়ে চলে যায়। পরে এলাকার কয়েকজন এগিয়ে আসেন এবং আনোয়ারের মাথায় পানি দিতে থাকেন। কিছুক্ষণ পর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আনোয়ার ছেলেকে খুঁজতে থাকেন। কিন্তু তাকে পাননি। ভোরে এলাকাবাসী তেলীগাতি সেতুর কাছে একটি চায়ের দোকানের পেছনে শিশুটির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে নীরবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, কোনো বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।