বাবাকে মারধর করে কলেজছাত্রী অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে গত রোববার বাবাকে মারধর করে তাঁর কলেজপড়ুয়া মেয়েকে অপহরণ করে দুর্বৃত্তরা। ঘটনার দুই ঘণ্টা পরে মেয়েটিকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করে জনতা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মেয়েটি একাদশ শ্রেণির ছাত্রী (১৭)। শাহরাস্তি উপজেলার রাগৈ গ্রামের মো. তানজিল (২৮) তাকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গত রোববার বিকেল পাঁচটার দিকে মেয়েটি বাবার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাযোগে কলেজ থেকে বাড়ি ফিরছিল। রাগৈ গ্রামের আমলাবাড়ি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি থামিয়ে বাবাকে মারধর করে রাস্তার পাশে ফেলে দেন তানজিল ও তাঁর চার সহযোগী। এরপর মেয়েটিকে একই অটোরিকশায় তুলে নিয়ে চলে যান তাঁরা। তাকে প্রথমে পাশের সংহাই গ্রামের একটি পরিত্যক্ত দালান ঘরে আটক রাখা হয়। এরপর চেতনানাশক দিয়ে অচেতন করে সন্ধ্যা সাতটার দিকে তাকে আরেকটি অটোরিকশায় তুলে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তানজিল ও তাঁর দুই সহযোগী রাগৈ গ্রামের শাহিন আলম (২৫) ও মো. রাতুলকে (২৩) আটক করে। অন্য দুজন পালিয়ে যান।