হাবিবুর রহমান হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যেকোনো সময় বিচারবহির্ভূতভাবে হত্যা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর মেয়ে জেসমিন বেগম।গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই শঙ্কা প্রকাশ করেন জেসমিন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে হাবিবুরের স্ত্রী মাহমুদা বেগম এবং তাঁর শ্বশুর আবদুর রশিদ ফরাজী উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা হাবিবুরকে উদ্ধারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেসমিন (২৪) বলেন, সাদা পোশাক পরা কয়েকজন লোক মোরেলগঞ্জ থানার পোশাকধারী চারজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে ৬ জুলাই সকালে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের বেতবুনিয়া গ্রামে তাঁদের বাড়িতে যান। তাঁরা তাঁর বাবাকে ধরে মাইক্রোবাসযোগে বাগেরহাটের দিকে যান। এ সময় পরিবারের সদস্যরা তাঁর বাবার সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ কথা বলতে দেয়নি।হাবিবুরের স্ত্রী পাঁচ সন্তানের জননী মাহমুদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছোট ছেলেমেয়েদের এখন কী হবে। ওদের নিয়ে আমি কোথায় যাব?’মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক গতকাল বিকেলে জানান, হাবিবুর রহমান জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলা রয়েছে। মোরেলগঞ্জ থানা পুলিশ তাঁকে আটক করেনি। পুলিশ তাঁকে খুঁজছে।জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আশরাফ হোসেন জানান, মোরেলগঞ্জ থেকে হাবিবুর নামে কাউকে তাঁরা গ্রেপ্তার করেননি।