বাবাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের সামনে বাবাকে নান চাকু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন ছেলে মনিরুজ্জামান (৩৪)। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে হত্যার কথা স্বীকার করেন ওই যুবক। গত রোববার রাতে পাবনার ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে ঝিনাইদহে যুবদলের নেতা চাঁদ আলীকে (৩৬) জবাই করে হত্যা করা হয়েছে। যুবদলের নেতাকে হত্যার অভিযোগে হায়দার আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী থানায় আত্মসমর্পণ করে মনিরুজ্জামান সাংবাদিকদের উপস্থিতিতে পুলিশকে জানান, তিনি দীর্ঘদিন ধরে ইসলামি রাষ্ট্রব্যবস্থা কায়েমের জন্য কাজ করছেন। বাবা মজিবর তাঁর এই কর্মকাণ্ডে সাড়া না দেওয়ায় রোববার রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় তাঁর মা উপস্থিত ছিলেন। ঝগড়ার একপর্যায়ে মনিরুজ্জামান ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা নান চাকু দিয়ে বাবার গলায় ফাঁস লাগিয়ে তাঁকে হত্যা করেন।মনিরুজ্জামানের মা লুৎফুন নেছা (৬৫) জানান, দেশে ইসলামি শাসন কায়েম নিয়ে তাঁর ছেলে প্রায়ই বাড়ির লোকদের মারধর ও আসবাব ভাঙচুর করত। রোববার রাতে তিনি ভয়ে ছেলেকে বাধা দিতে পারেননি।এলাকাবাসী জানান, রাতে ওই ঘটনার পর মনিরুজ্জামান ঘটনাটি ‘স্ট্রোক’ বলে প্রচার চালান এবং তাঁর মাকে ঘরের বাইরে যেতে নিষেধ করে সারা রাত বাবার লাশের পাশে বসিয়ে রাখেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বলেন, ‘মনিরুজ্জামানকে তাঁর পরিবারের কেউ কেউ মানসিক রোগী হিসেবে প্রচার চালাচ্ছেন। তবে আমার ধারণা, মনিরুজ্জামান পরিকল্পিতভাবে তাঁর বাবাকে খুন করেছেন।’ওসি জানান, এ ঘটনায় লুৎফুন নেছা ছেলে মনিরুজ্জামানকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। মনিরুজ্জামানকে গতকাল পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ঝিনাইদহ: কোটচাঁদপুর থানার পুলিশ জানিয়েছে, চাঁদ আলী রোববার রাত নয়টার দিকে হায়দার আলীর সঙ্গে কোটচাঁদপুর থেকে মোটরসাইকেলে করে সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। উপজেলার কাশিমনগর গ্রামের তালতলা নামক স্থানে পৌঁছালে ১০-১৫ জন সন্ত্রাসী তাঁদের গতিরোধ করে। সন্ত্রাসীরা চাঁদ আলীকে ধরে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর মাঠে নিয়ে জবাই করে হত্যা করে। হায়দার পালিয়ে গ্রামে ফিরে এ কথা সবাইকে জানান। খবর পেয়ে কোটচাঁদপুরের বেতাই ক্যাম্পের পুলিশ রাতেই হায়দারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন হায়দার। পুলিশ চাঁদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।কোটচাঁদপুর থানার ওসি আকরাম হোসেন জানান, হায়দারের শরীরে রক্তের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশ্যে চাঁদ আলীকে কৌশলে ওই রাস্তা দিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে চাঁদ আলীর ভাই লাল মিয়া থানায় হত্যা মামলা করেছেন।কুড়িগ্রামে লাশ উদ্ধার: ভূরুঙ্গামারী উপজেলায় চর নলেয়া গ্রামে দুধকুমার নদের পাশ থেকে রোববার ইউনুছ আলী (৩৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, ইউনুছ শনিবার রাত আটটার দিকে বিড়ি কেনার কথা বলে বাড়ি থেকে বের হন। পরের দিন সকালে বাড়ির পাশে দুধকুমার নদের ধারে ইউনুছের লাশ পাওয়া যায়। ইউনুছের স্ত্রী লাল ভানুর দাবি, অর্থ লেনদেন ও একটি গাছ কাটা নিয়ে গ্রামের কয়েকজনের সঙ্গে ইউনুছের বিরোধ চলছিল। তাঁরা হত্যার হুমকি দেওয়ায় ১৯ সেপ্টেম্বর কুড়িগ্রাম আদালতে মামলা করা হয়। তিনি অভিযোগ করেন, ইউনুছকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি মো. কফিলউদ্দিন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে ঘটনাটি অপমৃত্যু, নাকি হত্যা।