বাবাকে হত্যায় মুঈন ও আশরাফ জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী শাফকাত নিজাম (৪৬)। তিনি একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক নিজামুদ্দীন আহমদের ছেলে।
জবানবন্দিতে শাফকাত বলেন, তাঁর বাবাকে অপহরণ ও হত্যার সঙ্গে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান সরাসরি জড়িত ছিলেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
জবানবন্দিতে শাফকাত নিজাম বলেন, একাত্তরে তাঁর বাবা বিবিসির বাংলাদেশ সংবাদদাতা এবং পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সে সময় তিনি বাংলাদেশে পাকিস্তানি সেনাদের বর্বরতার খবর বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন। ১২ ডিসেম্বর দুপুরে পুরান ঢাকার রোকনপুরের বাসায় তাঁরা খাবার খাচ্ছিলেন। এ সময় দুজন অস্ত্রধারী বাসায় এসে বাবার খোঁজ করে। বাসার সবার নিরাপত্তার কথা ভেবে বাবা নিজের পরিচয় দিলে অস্ত্রধারীরা তাঁকে নিয়ে যায়। পরে তাঁরা প্রতিবেশীদের কাছে শোনেন, বাবাকে চোখ ও হাত বেঁধে কাদামাখা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। মাইক্রোবাসে আরও কয়েকজন হাত ও চোখ বাঁধা অবস্থায় বসা ছিলেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, পরে তিনি পত্রপত্রিকা ও আত্মীয়স্বজনের কাছে শোনেন, তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যার সঙ্গে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান সরাসরি জড়িত ছিলেন। জবানবন্দি শেষে তাঁকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।
শাফকাতের সাক্ষ্য গ্রহণ শেষে জবানবন্দি দেন আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শাহজাহান কবীর। জবানবন্দিকালে তিনি বিভিন্ন পত্রিকার ১৩০টি কাটিং ট্রাইব্যুনালে দাখিল করেন। তিনি বেশ কিছু বইও উপস্থাপন করেন। জবানবন্দি শেষে তাঁকে জেরার জন্য রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
চারজনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ: এই মামলায় তদন্ত কর্মকর্তাকে দেওয়া রাষ্ট্রপক্ষের চারজন প্রয়াত সাক্ষীর জবানবন্দিকে গতকাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। প্রয়াত ওই চার সাক্ষী হলেন এনএসআইয়ের সাবেক কর্মকর্তা আবদুস সামাদ তালুকদার, শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ছেলে আশফাক মুনীর (মিশুক মুনীর), শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর ছেলে তসলিম সুমন হায়দার চৌধুরী এবং ফেনীর আবুল কালাম আজাদ।