বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষা-বাড়ী উপজেলার বাউসী চন্দনপুর গ্রামে বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের তিন দিন পর গতকাল বুধবার সানাকৈর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ছেলের নাম ওমর আলী (২০)। তিনি মমতাজ মণ্ডলের (৬০) ছেলে। তাঁদের বাড়ি চন্দনপুর গ্রামে।
থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত রোববার ভোরে ওমর আলী তাঁর বাবা মমতাজ মণ্ডলের কাছে নেশা করার জন্য দুই শ টাকা চান। দাবি করা টাকা না পেয়ে ওমর বাঁশ দিয়ে মমতাজ মণ্ডলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মমতাজ মারা যান। এ ঘটনায় সোমবার কুলসুম বেগম বাদী হয়ে ছেলে ওমর আলীকে আসামি করে মামলা করেন। গতকাল বুধবার দুপুরে পুলিশ সানাকৈর বাজার এলাকা থেকে ওমর আলীকে গ্রেপ্তার করে।
কুলসুম বেগম বলেন, ‘টেহা না দেওয়ায় পুলাডা বাপেরে পিটাইয়া মারছে।’
মামলার তদন্ত কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, ওমর আলীকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত সোমবার প্রথম আলোয় ‘নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।