বাবাকে হত্যার অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার হাপুয়াখালী গ্রামে আবদুল আলী মাতুব্বর (৮০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গত সোমবার সন্ধ্যায় তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে সোমবার বিকেলে আবদুল আলীর স্ত্রী সোমর্ত বানু (৬৫) বাদী হয়ে তাঁর দুই ছেলে নাসির উদ্দিন মাতুব্বর (৪৫) ও আবু মাতুব্বরের (২২) বিরুদ্ধে আবদুল আলীকে হত্যার অভিযোগে রাঙ্গাবালী থানায় মামলা করেন। গত রোববার ভোরে আবদুল আলী মাতুব্বর তাঁর ছেলে নাসির উদ্দিন ও আবু মাতুব্বরের বাড়িতে মারা যান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা, পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী সদর ইউনিয়নের হাপুয়াখালী গ্রামের বাসিন্দা আবদুল আলী মাতুব্বর কিছুদিন আগে উপজেলার বাহেরচর বন্দরের কাছের এক একর ২০ শতাংশ জমি তাঁর স্ত্রী সোমর্ত বানু, তিন মেয়ে আংকুরা বেগম, আনুরা বেগম, জনুরা বেগম এবং অপর ছেলে হাবিব মাতুব্বরের নামে নিবন্ধন করে দেন। এ নিয়ে আবদুল আলীর সঙ্গে তাঁর অপর দুই ছেলে নাসির মাতুব্বর ও আবু মাতুব্বরের দ্বন্দ্ব চলছিল।
কয়েক দিন আগে আবদুল আলী অসুস্থ হয়ে পড়লে তাঁকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ছয় দিন চিকিৎসা করানো হয়। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে গত রোববার তাঁকে হাসপাতাল থেকে দুই ছেলে নাসির ও আবুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। রোববার ভোরে ওই বাড়িতেই তিনি মারা যান।
সোমর্ত বানুর অভিযোগ, জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরেই দুই ছেলে নাসির ও আবু তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান জানান, সোমর্ত বেগমের মামলার পরিপ্রেক্ষিতে আবদুল আলী মাতুব্বরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।