বাবাকে হত্যার অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শিমুলিয়া গ্রামে বাবাকে হত্যার অভিযোগে দুই ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে পুলিশ আফাজ উদ্দিন (৬৫) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
গ্রেপ্তার তিনজন হলেন নিহত আফাজের বড় ছেলে আওলাদ হোসেন (৪৩), ছোট ছেলে খোরশেদ আলম (৪০) এবং আওলাদ হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফাজ উদ্দিনের দুই ছেলে আওলাদ ও খোরশেদ আলম বিয়ের পর থেকে আলাদা সংসার গড়লেও একই বাড়িতে থাকেন। কয়েক বছর ধরে জমি ও সম্পত্তি নিয়ে ছেলেদের সঙ্গে আফাজের বিরোধ চলে আসছে। ছেলেরা জমি ও সম্পত্তি লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় বাবা ও ছেলেদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বিষয়টি নিয়ে গত শনিবার রাত আটটার দিকে আবারও তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলেরা আফাজ উদ্দিনকে মারধর করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তবে আফাজ উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ শনিবার রাতেই মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে দুই ছেলে ও ছেলের বউকে আটক করে পুলিশ।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, এ ঘটনায় নিহত আফাজ উদ্দিনের ভাই আজমত আলী বাদী হয়ে আওলাদ, খোরশেদ ও মর্জিনাকে আসামি করে হত্যা মামলা করেছেন।