মানবতাবিরোধী অপরাধের বিচার: জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী তহুরুল
বাবাকে হত্যার আগে নিজামী ও সেনারা আলোচনা করে

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী তহুরুল আলম মোল্লা। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৭ এপ্রিল তাঁর বাবা মোয়াজ্জেম হোসেনকে হত্যার আগে তিনি নিজামীকে পাকিস্তানি সেনাদের সঙ্গে বৈঠক করতে দেখেন।বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তহুরুল আলমের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী।আসামির কাঠগড়ায় নিজামীর উপস্থিতিতে তহুরুল (৬২) বলেন, তিনি পাবনার ঈশ্বরদী থানার শেরশাহ রোডের বাসিন্দা। সত্তরের নির্বাচনের সময় তিনি ঈশ্বরদী কলেজের (সাবেক জিন্নাহ কলেজ) প্রথম বর্ষের ছাত্র ও ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক ছিলেন। সত্তরের নির্বাচনে পাবনায় আওয়ামী লীগ ও জামায়াতের প্রার্থী ছিল। ছাত্রলীগ করায় তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। একদিন নির্বাচনী প্রচারণার সময় ঘোষণা শোনেন, ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন) সভাপতি মতিউর রহমান নিজামী বক্তৃতা দেবেন।
তহুরুল আলম বলেন, একাত্তরের ২৬ মার্চের পর তাঁর মা ও ভাই-বোনদের গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তিনিও গ্রামের দিকে চলে যান। বাবা, মামা ও ফুপাতো ভাই নিরাপদ ভেবে ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদে আশ্রয় নেন। ১৭ এপ্রিল বিকেল পাঁচটার দিকে তিনি বাবার খোঁজে ঈশ্বরদী যান। বন্ধু ফজলুর রহমানকে নিয়ে তিনি রেললাইনের পাশে কয়লার ডিপোর কাছে এক জঙ্গলে লুকিয়ে থাকেন। সেখান থেকে তিনি দেখেন, পাকিস্তানি সেনাদের একটি গাড়ি ও একটি সাদা জিপ মসজিদের কাছে দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে নিজামী, সুবহান মাওলানা, ইসহাক মাওলানা, খোদাবক্স ও পাকিস্তানি সেনারা আলোচনা করছেন। কিছুক্ষণ পর কয়েকজন লোক মসজিদে গিয়ে তাঁর বাবাকে টানতে টানতে কয়লার ডিপোর পাশে নিয়ে যায়। সেখানে নিয়ে বাবাকে চাকু মারা হয় ও তলোয়ার দিয়ে কোপানো হয়।
জবানবন্দির এ পর্যায়ে রাষ্ট্রপক্ষের সাক্ষী কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পর তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, ওই সময় বাবার কাছে ছুটে যাই। কিন্তু বন্ধু আমার মুখ চেপে ধরে। পাকিস্তানি সেনাদের গাড়ি ও সাদা জিপ চলে যাওয়ার পর বন্ধু আমাকে নিয়ে গ্রামের দিকে চলে যায়। ঈশ্বরদীতে ঢোকার সুযোগ তখন পাইনি। পরে বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
তহুরুল আলম বলেন, তাঁর মামাকেও ওই মসজিদ থেকে ধরে নিয়ে হত্যা করা হয়েছিল। বাবার মৃত্যুর পর তিনি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতে চলে যান। দেশে ফিরে তিনি পাবনার বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধে অংশ নেন।
জবানবন্দির শেষপর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা নিজামীকে শনাক্ত করেন তহুরুল। পরে তাঁকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম। আজ সোমবার তাঁকে আবার জেরা করা হবে।
এদিকে এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী মো. আবু সামা ফকিরকে গতকাল জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।
আজহারুলের বিরুদ্ধে অভিযোগের শুনানি ১৮ সেপ্টেম্বর: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানির জন্য ১৮ সেপ্টেম্বর দিন পুনর্নির্ধারণ করেন।