বাবাকে হত্যার ঘটনায় ছেলের জবানবন্দি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে তাঁর ছেলে (১৬) জবানবন্দি দিয়েছে। জেলা আমলি আদালত-৬-এর মুখ্য বিচারিক হাকিম গোপাল চন্দ্র দাস গতকাল রোববার ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করেন।
উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে গত ২৬ ডিসেম্বর নিজ বাড়িতে রবিউল ইসলাম (৪০) খুন হন। রবিউল ভাদুরিয়া বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন। রবিউলের বাঁ পায়ের গোড়ালির নিচের অংশ কাটা ছিল। ওই সময় রবিউলের ছেলে পুলিশকে বলে, তাঁর মা গত শুক্রবার আত্মীয়ের বাড়িতে যান। ঘটনার দিন রাতে তাঁর বাবা ও সে আলাদা দুটি ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পায়, তাঁর বাবার ঘরের দরজা খোলা ও ঘরে তাঁর লাশ পড়ে রয়েছে।
পরদিন সকালে খবর পেয়ে পুলিশ রবিউলের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওই দিন রবিউল ইসলামের স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, অনুসন্ধানে পুলিশ জানতে পারে নিহত রবিউলের ছেলে মাদকাসক্ত। এরপর পুলিশ তার ওপর নজরদারি শুরু করে। গতিবিধি সন্দেহজনক হলে গত শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তাঁর বাবাকে হত্যার কথা স্বীকার করে ও পরে আদালতে জবানবন্দি দেয়।
মুখ্য বিচারিক হাকিমের কাছে দেওয়া বক্তব্যের বরাত দিয়ে পুলিশ জানায়, ২৬ ডিসেম্বর রাতে গবাদিপশুকে ঠিকমতো খাবার না দেওয়ায় ছেলেকে বকাঝকা ও মারধর করেন রবিউল। রাতে বাবা ঘুমিয়ে পড়লে তাঁকে এলোপাতাড়ি মারধর করে তাঁর ছেলে। পরে বাড়ির বৈদ্যুতিক তার পেঁচিয়ে রবিউলকে হত্যা করা হয়। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে পরে সে রবিউলের পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এর আগে গত শনিবার কিশোরের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ বাড়ির পাশ থেকে রক্তমাখা দা উদ্ধার করে। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, গতকাল বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জবানবন্দি দেয় ওই কিশোর।
জেলা জজ আদালতের নারী ও শিশু কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) দেলোয়ার হোসেন বলেন, ১৮ বছরের কম বয়স্ক কারও জবানবন্দি নেওয়া যায়। কিন্তু তার বিচার হবে শিশু আদালতে।