বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে হাসমত আলী নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর বড় ছেলে মোসলেম উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান এই রায় ঘোষণা করেন।
মোসলেম উদ্দিনের বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বাগানবাড়ি গ্রামে।
সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল আলম আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৪ সালের ৫ সেপ্টেম্বর সকালে হাসমত আলী তাঁর বড় ছেলে মোসলেম উদ্দিনকে খেতে কাজ করতে যাওয়ার জন্য বলেন। কিন্তু ছেলে কাজে না যাওয়ায় তিনি বকাঝকা করেন। হাসমত কাজে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার সময় মোসলেম পেছন থেকে দা দিয়ে কয়েকটি কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরদিন হাসমতের ছোট ছেলে বোরহান উদ্দিন বাদী হয়ে দোয়ারাবাজার থানায় বড় ভাই মোসলেম উদ্দিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে প্রায় এক যুগ পর আজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।