বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান গতকাল মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়ন পরিষদের বাগানবাড়ি গ্রামের মোসলেম উদ্দিন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০০৪ সালের ৫ সেপ্টেম্বর সকালে হাসমত আলী তাঁর ছেলে মোসলেম উদ্দিনকে খেতে কাজ করতে
যেতে বলেন। কিন্তু ছেলে কাজে না যাওয়ায় তিনি তাঁকে বাকঝকা করেন।
এতে মোসলেম উদ্দিন খেপে যান। এর একপর্যায়ে হাসমত আলী ঘর থেকে বের হয়ে কাজে যেতে চাইলে মোসলেম উদ্দিন দা দিয়ে পেছন থেকে তাঁকে কয়েকটি কোপ মারেন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
পরদিন হাসমত আলীর ছোট ছেলে বোরহান উদ্দিন বাদী হয়ে মোসলেম উদ্দিনকে আসামি করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা করেন।
এ মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গতকাল আদালত রায় দেন। রায় দেওয়ার সময় আসামি মোসলেম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল আলম আদালতের এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।