বাবাকে হত্যার দায়ে ছেলে ও ভাইকে হত্যায় ভাইয়ের মৃত্যুদণ্ড
বাগেরহাটে বাবাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে এবং ভাইকে হত্যার দায়ে আরেক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ড পাওয়া আসামিদের বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করা হয়।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলুল হক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহম্মদ রেজাউল করিম গতকাল মঙ্গলবার যথাক্রমে দুটি মামলায় ওই রায় দেন।
ভাইকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া যুবকের নাম ভবসিন্ধু বৈরাগী (৩৮)। তিনি জেলার মোরেলগঞ্জ উপজেলার ডেউয়াতলা গ্রামের প্রয়াত অমূল্য বৈরাগীর ছেলে। তিনি পলাতক রয়েছেন। বাবাকে হত্যার দায়ে ফাঁসির দণ্ড পাওয়া ছেলের নাম তুহিন কাজী (২৭)। তিনি মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের আবু সাঈদ কাজীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহম্মদ আলী বলেন, পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ৫ আগস্ট ভোর রাতে তুহিন কাজী তাঁর বাবা আবু সাঈদ কাজীকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করে হত্যা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে সুমী আক্তার ভাই তুহিন কাজীকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) তুহিন মণ্ডল ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি তুহিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। গতকাল আদালত তুহিনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি সীতারানী দেবনাথ বলেন, ভবসিদ্ধু বৈরাগীর সঙ্গে ছোট ভাই অখিল বৈরাগীর (১৮) পৈতৃক জমি নিয়ে বিরোধ ছিল। ২০০৮ সালের ১৭ মার্চ সকালে অখিল মাছের ঘেরে কাজ করছিলেন। ভবসিন্ধু সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে অখিলকে হত্যা করেন। পরদিন নিহত ব্যক্তির চাচাতো ভাই গুরুদাস বৈরাগী বাদী হয়ে ভবসিন্ধু ও তাঁর স্ত্রী আঁখি বৈরাগীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। মোরেলগঞ্জ থানার এসআই সেকেন্দার আলী মামলাটি তদন্ত শেষে ২০০৮ সালের ১৮
জুলাই ভবসিন্ধু ও আঁখি বৈরাগীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
গতকাল আদালতের বিচারক ভবসিদ্ধুকে ফাঁসির আদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আঁখি বৈরাগীকে বেকসুর খালাস দেওয়া হয়।