বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি
ঠাকুরগাঁওয়ে বাবাকে হত্যার দায়ে ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ড পাওয়া আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী গতকাল বুধবার ওই রায় দেন।
আদালত ও মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালের ১৩ ডিসেম্বর বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের মহৎপাড়ার মোজাহারুল ইসলাম (৩৬) তাঁর বাবা ইদ্রিস আলীর পাঁচ শতক জমিতে শাকবীজ বপনের জন্য হালচাষ করেন। কিন্তু ইদ্রিস আলী ছেলেকে ডেকে চাষ দেওয়া ওই জমিতে শাকের বদলে গমের বীজ বপন করতে বলেন। এতে বাবা ও ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মোজাহারুল কোদাল দিয়ে তাঁর বাবাকে উপর্যুপরি কোপ দেন। এতে ঘটনাস্থলেই ইদ্রিসের মৃত্যু হয়। পরে গ্রামবাসী মোজাহারুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ওই দিন ইদ্রিসের বড় ছেলে আনছারুল হক বাদী হয়ে মোজাহারুলকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় মোজাহারুলকে গ্রেপ্তার করে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ। সেখানে মোজাহারুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মো. আজগর আলী ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি মোজাহারুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. আবদুল হামিদ বলেন, এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে গতকাল আদালত মোজাহারুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। একই সঙ্গে মোজাহারুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।