বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল সোমবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. হেকিম (৪০)। বাবা বুধু মিয়াকে (৭৫) হত্যা করায় তাঁর এ সাজা হয়। রায় ঘোষণার সময় হেকিম আদালতে উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, হেকিম বাবাকে সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ দিতেন। ২০০৬ সালের ৮ অক্টোবর দুপুরে এ বিষয়ে হেকিম ও বুধু মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে হেকিম তাঁর বাবার মাথায় দুটি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বুধু মিয়া মারা যান। পরে এলাকাবাসীর সহযোগিতায় হেকিমকে পুলিশ গ্রেপ্তার করে।
ওই দিনই নিহতের ভাইয়ের ছেলে মো. রিটন (২৮) বাদী হয়ে হেকিমকে একমাত্র আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল এ রায় দেন।