বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
বাবাকে হত্যার হত্যার দায়ে গোলাম মোস্তফা (২৭) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুল আলম এই আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ২০১২ সালের ২৩ জানুয়ারি রাতে পারিবারিক কলহে আজগর আলীকে (৫৫) শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর দুই ছেলে মোসফেকুর রহমান (২৯) ও গোলাম মোস্তফাকে (২৭) আসামি করে হত্যার শিকার আজগর আলীর বড় ভাই আফছার আলী বাদী হয়ে পরদিন ২৪ জানুয়ারি জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়ের হওয়ার পর পুলিশ নিহতের দুই ছেলেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে ছোট ছেলে গোলাম মোস্তফা নিজেই তাঁর বাবাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় মামলার অপর আসামি মোসফেকুর রহমানকে বাদ দিয়ে গোলাম মোস্তফার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
রাষ্ট্র পক্ষের অতিরিক্ত কৌঁসুলি আজিজুল ইসলাম প্রামাণিক বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ও আদালতে দেওয়া জবানবন্দিতে আসামি গোলাম মোস্তফার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় ওই সাজা প্রদান করা হয়।