বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
ঝালকাঠিতে বাবা সিরাজ হাওলাদারকে (৬৫) হত্যার দায়ে ছেলে কামাল হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ রোববার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি কামাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তাঁর বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ নভেম্বর সকালে ছেলে কামাল হোসেনের আঘাতে বাবা সিরাজ হাওলাদারের মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিনই ছেলেকে আসামি করে মা জয়তুন্নেছা থানায় হত্যা মামলা করেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক কামাল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১৪ জন সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মান্নান রসূল। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।
আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী কার্তিক চন্দ্র দত্ত।