বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে বাবাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল করিম গতকাল রোববার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. কামাল হোসেন (৩০)। রায়ে কামাল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি কামাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা গ্রামের বাসিন্দা। ২০১৪ সালের ১০ নভেম্বর কামাল তাঁর মা জয়তুন্নেছাকে পাকা কলার ঝুড়ি তাঁর মাথায় তুলে দিতে বলেন। মাথায় তুলে দেওয়ার সময় ঝুড়ি পড়ে যায় ও পাকা কলা নষ্ট হয়ে যায়। এ ঘটনার জের ধরে কামাল তাঁর বাবা সিরাজ হাওলাদারের (৬৫) কাছে ৫০০ টাকা দাবি করেন।
টাকা দিতে অস্বীকার করলে কামাল ক্ষিপ্ত হয়ে তাঁর বাবার মাথায় আঘাত করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাঁকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কামালকে একমাত্র আসামি করে তাঁর মা জয়তুন্নেছা রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেন। রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন।