বাবাকে হত্যার দৃশ্য ভুলতে পারেনি শ্রেয়া চাকমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর বৈসাবি উৎসবের প্রথম দিন ১২ এপ্রিল ফুল বিজুর দিন শ্রেয়া চাকমার (১০) সামনেই সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে জেএসএস (এম এন লারমা) পক্ষের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সাধারণ সম্পাদক সুপ্রাণো চাকমা (৪২) প্রকাশ দেবেশকে। এখনো সেই দৃশ্য ভুলতে পারেনি তাঁর মেয়ে শ্রেয়া। সুপ্রাণোর স্ত্রী জ্যোৎস্না চাকমা এ বছর বৈসাবি উৎসব পালন করছেন না। পরিবারটির কাছে বৈসাবি আনন্দের নয়, বিষাদের। ভ্রাতৃঘাতী সংঘাতে একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। গতকাল বৃহস্পতিবার বড়াদম বাড়িতে গিয়ে কথা হয় সুপ্রাণোর স্ত্রী জ্যোৎস্না চাকমার সঙ্গে। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, ‘স্বামী খুন হওয়ার পর এখন আর আমাদের খবর কেউ রাখে না। আমার এখন আর বৈসাবিকে উৎসব মনে হয় না। এখন টাকা অভাবে তাঁর সন্তানের পড়ালেখা বন্ধ হয়েছে। বৃদ্ধ বাবা বরেন্দ্রলাল চাকমা (৮০) ও মা প্রীতি প্রভা চাকমা (৭৫) টাকার অভাবে ওষুধ খেতে পারেন না।’ তাঁর প্রশ্ন, ভাইয়ে ভাইয়ে সংঘাত করে কীভাবে জাতির অধিকার আদায় হবে?শ্রেয়া চাকমা অপলক বাবার ছবির দিকে তাকিয়ে বলে, ‘আমি বাবার পাশে বসে ছিলাম। হঠাৎ কিছু লোক বাড়িতে এসে আমার সামনে বাবাকে গুলি করে মেরে ফেলে। আমি ভয়ে পালিয়ে যাই। বাবার কথা খুব মনে পড়ে। আমি কাঁদব বলে মা বাবার ছবি লুকিয়ে রাখেন। আমরা বিজু পালন করছি না। কোনো নতুন জামা-কাপড়ও কেনা হয়নি। বাবা থাকলে অনেক জামা-কাপড় কিনে দিতেন।’ জ্যোৎস্না চাকমা আরও বলেন, ‘সুপ্রাণো ব্যবসা করতেন। তাঁর মৃত্যুর পর কেউ পাওনা টাকা ফেরত দেয়নি। গত বছর এইচএসসি পরীক্ষা চলাকালে তিনি খুন হওয়ায় বড় ছেলে জেন্টল চাকমা পরীক্ষায় খারাপ করে। এ বছর টাকার অভাবে পরীক্ষা দিতে পারেনি। মেজো ছেলে মেগলিন চাকমা অষ্টম শ্রেণীতে পড়ছে। তার স্কুলের বেতনও ঠিকমতো দিতে পারি না। আমার একটাই দাবি, আমাদের পরিবারের মতো ভ্রাতৃঘাতী সংঘাতে আর কোনো পরিবারের এ ধরনের করুণ হাল যেন না হয়।’