বাবাকে হত্যার পর ছেলের আত্মহত্যা!
যশোরের বাঘারপাড়া উপজেলায় বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করার পর ছেলে আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাশুয়াড়ী ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন রোস্তম আলী সরদার (৬৫) ও তাঁর ছেলে সোহাগ সরদার (৩২)।
বাশুয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সাদেক আলীর ভাষ্য, জামালপুর গ্রামের রোস্তম আলী সরদারের ছয় ছেলে। সোহাগ সরদার সবার বড়। আজ বেলা একটার দিকে পারিবারিক কলহের জের ধরে বাবা রোস্তম আলীর সঙ্গে সোহাগের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগ হাতের পাশে থাকা একটি কোদাল দিয়ে রোস্তম আলীর মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত রোস্তমকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। বাবাকে কোদাল দিয়ে আঘাত করার পর বেলা দেড়টার দিকে সোহাগ তাঁদের বাড়ির পাশের বাগানের একটি গাছের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।