বাবাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলায় বাবাকে কোদাল দিয়ে হত্যা করেছেন ছেলে। পরে তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই বাঘারপাড়া থানায় দুটি মামলা হয়েছে।
নিহত ওই বাবা হলেন রোস্তম আলী সরদার (৬৫)। তাঁর ছেলের নাম সোহাগ সরদার (৩২)।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম বলেন, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার দুপুরে পিতা ও পুত্রের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে সোহাগ সরদার কোদাল দিয়ে পিতা রোস্তম আলী সরদারের মাথায় আঘাত করেন। বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার কিছুক্ষণ পর ছেলে সোহাগ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিহাব সরদার বাদী হয়ে সোহাগ সরদারকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। সোহাগ সরদারের আত্মহত্যার ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, উপজেলার জামালপুর গ্রামের রোস্তম আলী সরদারের ছয় ছেলে। বড় ছেলে সোহাগ সরদার। গত বৃহস্পতিবার বেলা একটার দিকে পারিবারিক কলহের জের ধরে রোস্তম আলী সরদারের সঙ্গে সোহাগ সরদারের কথা-কাটাকাটি হয়। উত্তেজনার একপর্যায়ে সোহাগ হাতের পাশে থাকা একটি কোদাল দিয়ে রোস্তম আলীর মাথায় আঘাত করেন। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
পিতাকে কোদাল দিয়ে আঘাত করার পর বেলা দেড়টার দিকে সোহাগ বাড়ির পাশে বাগানের মধ্যে আমগাছে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে বাঘারপাড়া থানা-পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে পিতা ও পুত্রের মরদেহ জামালপুর গ্রামের বাড়িতে আনা হয়। গতকাল শুক্রবার বিকেলে জানাজা শেষে তাঁদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বাঘারপাড়া থানায় দুটি মামলা করা হয়েছে। একটি হত্যা মামলা এবং অপরটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা। বাবা রোস্তম আলী সরদার হত্যা মামলাটি করেছেন তাঁর মেজ ছেলে শিহাব সরদার। মামলার একমাত্র আসামি রোস্তম আলী সরদারের বড় ছেলে সোহাগ সরদার।