বাবাকে হত্যার বর্ণনা দিলেন সাক্ষী ভক্ত রঞ্জন বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ষষ্ঠ ও সপ্তম সাক্ষী যথাক্রমে ভক্ত রঞ্জন বিশ্বাস ও আমির হোসেন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।জবানবন্দিতে ভক্ত রঞ্জন বলেন, একাত্তরে বাচ্চু রাজাকার (আবুল কালাম আযাদ) তাঁর বাবা মাধব চন্দ্র বিশ্বাসকে তাঁর সামনে হত্যা করেছেন। আমির বলেন, পাকিস্তানি সেনারা আটজন সাধুকে হত্যার সময় বাচ্চু উপস্থিত ছিলেন।জবানবন্দিতে ভক্ত রঞ্জন বলেন, তাঁদের বাড়ি ফরিদপুরের সালথা থানার পুরুড়া গ্রামে। তাঁর বাবা আওয়ামী লীগের সমর্থক ছিলেন। একাত্তরের মে মাসে একদিন বেলা একটার দিকে বাচ্চু রাজাকার সহযোগীদের নিয়ে তাঁদের বাড়িতে আসেন। এ সময় তাঁর বাবা পালাতে চেষ্টা করলে বাচ্চু ও তাঁর লোকেরা তাঁকে আটক করে বাড়ির টাকা, স্বর্ণালংকার লুটপাট করেন। পরে তাঁর বাবাকে তুষ্ট মাস্টারের বাড়ির পূর্বে পুকুর পাড়ে নিয়ে বাচ্চু রাজাকার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেন। এরপর তাঁদের বাড়ির দক্ষিণে দুয়ারী সর্দারের বাড়িতে আসা আত্মীয় গণেশকে একই স্থানে নিয়ে বাচ্চু হত্যা করেন। এই দুটি হত্যাকাণ্ড তিনি ছাড়াও প্রতিবেশী প্রফুল্ল কুমার, সুনীল কুমার, মনিন্দ্রনাথসহ অনেকে দেখেছেন। এই ঘটনার পর গ্রামের ৫০০-৬০০ হিন্দু লোক দেশ ছেড়ে ভারতে চলে যান। জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখের পানি মুছতে মুছতে তিনি পিতৃ হত্যার বিচার চান।জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত (সাজেশন) দেন, সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। জবাবে সাক্ষী বলেন, এটি সত্য নয়।আমির হোসেন: সপ্তম সাক্ষী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি ফরিদপুর সদর থানার পূর্ব খাবাশপুর গ্রামে। তিনি ও বাচ্চু ফরিদপুর রাজেন্দ্র কলেজে সহপাঠী ছিলেন। একাত্তরের ২১ এপ্রিল বাচ্চু রাজাকার, তাঁর সহযোগী ও বিহারিরা পাকিস্তানি সেনাদের অভ্যর্থনা জানিয়ে ফরিদপুরের জগৎবন্ধু আশ্রমের আঙিনায় নিয়ে আসে। সেখানে বাচ্চুদের উপস্থিতিতে সেনারা পূজারত অবস্থায় আটজন সাধুকে হত্যা করে। ওই দিনই বাচ্চু রাজাকার বদ্রিলাল রামকৃষ্ণ আগারওয়ালের বাড়ি দখল করে স্বাধীনতাবিরোধী কাজ পরিচালনার জন্য কার্যালয় বানান। পরে জসীমউদ্দীন সড়কে হীরালাল মুক্তারের বাড়িতে বাচ্চু আলবদর প্রশিক্ষণ ক্যাম্প বানান।সাক্ষী বলেন, তাঁকে ফরিদপুরের গোয়ালচামটে যশোর রোড থেকে কালু বিহারি ও সাত-আটজন ধরে নিয়ে ফরিদপুর স্টেডিয়ামে বন্দী করে রাখে। সেখানে তিনি পাকিস্তানি সেনাদের সঙ্গে বাচ্চুকে দেখেন। ভেবেছিলেন, বন্ধু হিসেবে বাচ্চু তাঁকে সহযোগিতা করবেন। কিন্তু বাচ্চু তা করেননি। স্টেডিয়ামের বিভিন্ন কক্ষে অনেককে বন্দী করে রাখা হতো। একটি কক্ষ থেকে তিনি নারীদের চিৎকারও শুনেছেন। বন্দিশালার পাশে থাকা পেট্রলের পাত্রে একদিন আগুন লাগলে নিরাপত্তারক্ষীরা পালিয়ে যায়। এই সুযোগে তিনিসহ অনেক বন্দী পালিয়ে যান। পরে চিকিৎসা নিয়ে আবার মুক্তিযুদ্ধে যোগ দেন।জবানবন্দি শেষে আমিরকে জেরা করেন আবদুস শুকুর খান। ট্রাইব্যুনাল এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৩ ডিসেম্বর (সোমবার) দিন ধার্য করেন।সাঈদীর পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত: জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দশম দিনে গতকাল আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তি উপস্থাপনকালে তিনি বলেন, এই মামলায় আনীত অভিযোগগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আজ বৃহস্পতিবার আসামিপক্ষ আবার যুক্তি উপস্থাপন করবে।একই ট্রাইব্যুনাল গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ ডিসেম্বর দিন পুনর্নির্ধারণ করেন।