বাবাকে হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের দুই দিন পর শ্বশুরবাড়ির লোকজনের মারধরে গুরুতর আহত হয়ে মারা যাওয়া খিলক্ষেত নিকুঞ্জ মডেল কলেজের ছাত্রী মনিরা পারভীনের বাবা মো. মোস্তফাকে আসামিপক্ষের লোকজন হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার মো. মোস্তফা প্রথম আলোর কাছে এ অভিযোগ করেন।

মোস্তফা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে তাঁকে এক ব্যক্তি ফোন করে নাম-ঠিকানা জানতে চান। এ নিয়ে শুরু হয় বাগিবতণ্ডা। পরে কণ্ঠস্বর শুনে তিনি চিনতে পারেন, অপর প্রান্তে থাকা ব্যক্তিটি মামলার আসামি মনোয়ারা বেগমের ছেলে স্বপন। চিনে ফেলার কথা বলার পর ওই ব্যক্তি তা স্বীকার করে এবার বলেন, ‘তোকে বেশি দিন বাঁচতে দিমু না। তুই আমাদের কিছুই করতে পারবি না।’

গত ১৮ জুন ওষুধ কেনার কথা বলে রাজধানীর খিলক্ষেতের বরুয়ার লাহনিয়ার বাসা থেকে বের হন দরিদ্র পরিবারের সন্তান মনিরা। ওই দিন রাতে তাঁর বাবা অটোরিকশাচালক মোস্তফা জানতে পারেন, মনিরাকে একই এলাকার নাসির বিয়ে করে এক বন্ধুর বাসায় উঠেছেন। মোস্তফার অভিযোগ ছিল, মেয়ের খোঁজে তিনি নাসিরের বাবার কাছে ছুটে যান। তখন নাসিরের বাবা তাঁর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

ওই দিকে গত ২১ জুন নাসির মনিরাকে নিয়ে বাসায় ফেরেন। তখন নাসিরের বাবা হাছেন আলী, ফুফু মনোয়ারা বেগমসহ কয়েকজন মনিরাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মনিরা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মোস্তফা বাদী হয়ে নাসির, তাঁর বাবা, ফুফুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় পুলিশ নাসির ও তাঁর চাচা মুন্তাজ উদ্দিনকে গ্রেপ্তার করে।

মোস্তফা বলেন, এ বিষয়ে তিনি জিডি করবেন। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন খিলক্ষেত থানার এসআই আবু বকর। সম্প্রতি তিনি বদলি হয়েছেন। তবে এখন পর্যন্ত ওই মামলার নতুন কোনো তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়নি। খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন প্রথম আলোকে বলেন, হুমকির অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে।