শ্বশুরবাড়ির লোকজনের মারধরে নিহত খিলক্ষেত নিকুঞ্জ মডেল কলেজের ছাত্রী মনিরা পারভীনের বাবা মো. মোস্তফা অভিযোগ করেছেন, আসামিপক্ষের লোকজন তাঁকে হত্যার হুমকি দিয়েছে। আজ বৃহস্পতিবার মো. মোস্তফা প্রথম আলো ডটকমের কাছে এ অভিযোগ করেন।
মোস্তফা বলেন, দুপুর ১২টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে তাঁকে এক ব্যক্তি ফোন করে নাম ঠিকানা জানতে চান। এ নিয়ে শুরু হয় বাগবিতণ্ডা। পরে কণ্ঠস্বর শুনে তিনি চিনতে পারেন, অপর প্রান্তে থাকা ব্যক্তিটি মামলার আসামি মনোয়ারা বেগমের ছেলে স্বপন। চিনে ফেলার কথা বলার পর ওই ব্যক্তি তা স্বীকার করে বলেন, ‘তোরে বেশি দিন বাঁচতে দিমু না। তুই আমাদের কিছুই করতে পারবি না।’
গত ১৮ জুন ওষুধ কেনার কথা বলে রাজধানীর খিলক্ষেতের বরুয়ার লাহনিয়ার বাসা থেকে বের হন হতদরিদ্র পরিবারের সন্তান মনিরা। কিন্তু আর ফেরেননি। ওই দিন রাতে তাঁর বাবা অটোরিকশার চালক মোস্তফা জানতে পারেন, মনিরাকে একই এলাকার তুলনামূলকভাবে স্বচ্ছল পরিবারের সন্তান নাসির বিয়ে করে এক বন্ধুর বাসায় উঠেছেন।
মোস্তফার অভিযোগ ছিল, মেয়ের খোঁজে তিনি নাসিরের বাবার কাছে ছুটে যান। তখন নাসিরের বাবা তাঁর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। অন্যথায় বিয়ে মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। কিন্তু এত টাকা তাঁর পক্ষে দেওয়া সম্ভব হয়নি।
গত ২১ জুন নাসির মনিরাকে নিয়ে বাসায় ফেরেন। তখন নাসিরের বাবা হাছেন আলী, ফুফু মনোয়ার বেগমসহ কয়েকজন মনিরাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরদিন ২২ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মনিরা মারা যান। এ ঘটনায় মোস্তফা বাদী হয়ে নাসির, তাঁর বাবা, ফুফুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় পুলিশ নাসির ও তাঁর চাচা মুন্তাজ উদ্দিনকে গ্রেপ্তার করে। এরপর আর কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
মোস্তফা বলেন, আসামি মনোয়ারার বাড়ি ময়মনসিংহে। তাঁর ধারণা, সেখান থেকেই মনোয়ারার ছেলে স্বপন তাঁকে হুমকি দিয়েছে। এ বিষয়ে তিনি থানায় জিডি করবেন বলে জানান।
এ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন খিলক্ষেত থানার এসআই আবু বকর। সম্প্রতি তিনি বদলি হয়েছেন। তবে এখনো পর্যন্ত ওই মামলার নতুন কোনো তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়নি।
মোস্তফা বলেন, সব আসামি গ্রেপ্তার না হওয়ায় এবং লাগাতার হুমকির মুখে অসহায় হয়ে পড়েছেন তিনি।
যোগাযোগ করা হলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, হুমকির অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে।