বাবাদের পর এবার ছেলেদের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে নির্বাচন জমে উঠেছে। এই আসনে তিনজন প্রার্থী থাকলেও আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই এবার প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা আসাদ আলীর ছেলে ও বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব আলী (নৌকা)। সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও বর্তমানে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত সৈয়দ মো. কায়সারের ছেলে আওয়ামী লীগের নেতা সৈয়দ তানভীর আহমেদ (তালা) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আরও লড়ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আহাদ চৌধুরী শাহীন (লাঙ্গল)।
গত মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সমাবেশ করেন মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, মুক্তিযোদ্ধা কাজী কবির উদ্দিন প্রমুখ।
এলাকার অনেকে জানান, এবার ভোটের লড়াই হবে মাহবুব আলী ও সৈয়দ তানভীরের মধ্যে। অর্থাৎ একদিকে মুক্তিযোদ্ধার সন্তান। অন্যদিকে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্তের ছেলে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন বলেন, ১৯৬৯ সালের নির্বাচনে মুক্তিযোদ্ধা আসাদ আলীর সঙ্গে হাতি মার্কা নিয়ে নির্বাচন করে পরাজিত হন কায়সার। এবার আসাদ আলীর ছেলে মাহবুব আলীর সঙ্গে কায়সারের ছেলে সৈয়দ তানভীর নির্বাচন করছেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আহাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নয় বছরের শাসনামলে পল্লিবন্ধু এরশাদ ছিলেন সফল রাষ্ট্রনায়ক। এ আমলের কথা চিন্তা করে এবার ভোটাররা লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে আশা করি।’
১৪ দলের প্রার্থী মাহবুব আলী বলেন, ‘গত পাঁচ বছরের উন্নয়নের বিবেচনা করে ভোটাররা এবার নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন বলে আশা রাখি।’
সৈয়দ তানভীর আহমেদ বলেন, ‘আমি আওয়ামী লীগের একজন কর্মী। মাধবপুরের মুক্তিযোদ্ধাদের নিয়ে আমার রাজনীতি শুরু। মুক্তিযোদ্ধারা আমার পক্ষেই থাকবেন। তাই জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’