বাবার অভিযোগে মাদকসেবী ছেলের ছয় মাসের দণ্ড
ফেনীতে এক বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত জাহাঙ্গীর আলম (২৫) নামের মাদকসেবী ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। গতকাল শনিবার সকালে ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহামঞ্চদ মনসুর উদ্দিন এ আদেশ দেন। পুলিশ জানায়, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের জাহানপুর গ্রামের মোকসুদুর রহমান বেশ কিছুদিন ধরে তাঁর মাদকসেবী ছেলে জাহাঙ্গীর আলমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন। বাবার লিখিত অভিযোগ পেয়ে ফেনী থানার পুলিশ ছেলে জাহাঙ্গীর আলমকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাঁর পকেট থেকে দুই প্যাকেট গাঁজা উদ্ধার করে। পুলিশের ভাষ্যমতে, মাদকসেবী ছেলে জাহাঙ্গীর যখন-তখন মোকসুদুর রহমানের কাছে টাকা দাবি করতেন। না পেয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন, এমনকি তিনি মা-বাবার গায়ে হাত তুলতেও দ্বিধা করতেন না। ছেলেকে নানাভাবে মাদকমুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হন বাবা-মা। তাঁর অত্যাচার-নির্যাতন দিন দিন বাড়তে থাকে। অবশেষে অতিষ্ঠ হয়ে মোকসুদুর রহমান গত শুক্রবার রাতে ফেনী থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। গতকাল সকালে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচারক মোহামঞ্চদ মনসুর উদ্দিন তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহাঙ্গীরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠান।