বাবার আবেদনে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলায় সাবেক এক ব্যাংক কর্মকর্তা মাদকাসক্ত ছেলে মাসুদ পারভেজের (৩৭) বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত শুক্রবার লিখিত অভিযোগ দেন। পরে গতকাল শনিবার মাসুদকে
আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর সশ্রম কারাদণ্ড দেন ইউএনও আবদুল্লাহ আল খায়রুম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাসুদ ১৫ বছর ধরে মাদকাসক্ত। মাদকের পথ থেকে ফেরাতে মাসুদকে তাঁর পরিবার মাদক নিরাময়কেন্দ্রেও রাখে। সেখান থেকে ফিরে এসে বখাটে বন্ধুদের পাল্লায় পড়ে আবারও মাদকাসক্ত হয়ে পড়েন মাসুদ। গত কিছুদিন থেকে মাসুদ মাদকের টাকার জন্য তাঁর বাবা, মা ও বৃদ্ধ দাদিকেও মারধর করেন। মাদকের টাকা না পেয়ে মাসুদ কয়েক দিন আগে তাঁর মায়ের মাথাও ফাটিয়ে দেন। মাসুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত শুক্রবার তাঁর বাবা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। পরে উপজেলার ফারাক্কাবাদ ইউনিয়নের তেঘরা (নারায়ণপুর) গ্রামের নিজ বাড়ির পাশ থেকে মাসুদকে গতকাল সকালে মাদক সেবন অবস্থায় আটক করেন ইউএনও আবদুল্লাহ আল খায়রুম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাসুদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আবদুল্লাহ আল খায়রুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।