বাবার ইজিবাইকের চাপায় প্রাণ গেল ছেলের!
দেড় বছরের শিশু সৌরভ বাড়ির উঠোনের এক পাশে খেলছিল। উঠোনের অন্যপাশে শিশুটির বাবা খোকন মিয়া (৩২) রাস্তায় নামার প্রস্তুতি হিসেবে নিজের ইজিবাইকটি পরিষ্কার করছিলেন। সবকিছু ঠিক আছে কি না, তা দেখার জন্য তিনি ইজিবাইকে চড়ে আগ-পিছ করছিলেন যানটি। হঠাৎ অসতর্কতার কারণে ইজিবাইকের চাকার নিচে চাপা পড়ে শিশু সৌরভ। আর এতেই মৃত্যু হয় তার।
আজ সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংদই গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রাহিমা আকতার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ভারী কিছুর চাপে শিশুটির দেহ থেঁতলানো ছিল। সঙ্গে আসা লোকজন ইজিবাইকের নিচে চাপা পড়ার কথা বলেছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ঘটনাটি তাঁকে কেউ জানায়নি।