বাবার ইজিবাইকের চাপায় লাশ হলো ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঠোনের এক পাশে দেড় বছরের শিশু সৌরভ খেলছিল। আরেক পাশে বাবা খোকন মিয়া (৩২) রাস্তায় নামার প্রস্তুতি হিসেবে নিজের ইজিবাইক ঠিকঠাক আছে কি না দেখছিলেন। এ সময় অসতর্কতাবশত ইজিবাইকের নিচে চাপা পড়ে মারা যায় সৌরভ।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সৌরভকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রহিমা আক্তার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ভারী কিছু চাপা পড়ে তার দেহ থেঁতলানো ছিল। সঙ্গে আসা লোকজন ইজিবাইকের তলায় পিষ্ট হওয়ার কথা বলেছেন।

সিংদই গ্রামের কয়েকজন বলেন, আদরের ছেলেকে হারিয়ে খোকন শুধুই বিলাপ করছেন।

নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনাটি তাঁকে কেউ জানায়নি।