বাবার কবরে সমাহিত হলেন মাহবুবুল আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুল আলম
মাহবুবুল আলম

প্রবীণ সাংবাদিক ও সম্পাদক মাহবুবুল আলমকে আজিমপুর কবর-স্থানে বাবার কবরে সমাহিত করা হয়েছে৷ এর আগে গতকাল শনিবার বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে সহকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান৷
গত শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মাহবুবুল আলম মারা যান৷ তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর৷ গতকাল জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ক্লাব চত্বরে সংক্ষিপ্ত শোকসভা, শ্রদ্ধা নিবেদন ও জানাজা অনুষ্ঠিত হয়৷ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনসহ পেশাজীবীদের শ্রদ্ধার ফুলে ভরে ওঠে খ্যাতিমান এই সাংবাদিককের কফিন।

জাতীয় প্রেসক্লাবে গতকাল প্রবীণ সাংবাদিক মাহবুবুল আলমের জানাজা অনুষ্ঠিত হয় l প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে গতকাল প্রবীণ সাংবাদিক মাহবুবুল আলমের জানাজা অনুষ্ঠিত হয় l প্রথম আলো

যুক্তরাষ্ট্র থেকে প্রয়াত মাহবুবুলের স্ত্রী সুলতানা বেগমসহ মেয়েরা গতকালই ঢাকা পেঁৗছান৷ তাঁদের কান্নায় প্রেসক্লাব এলাকায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মরহুমের ভাগনে ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট পত্রিকার সহকারী সম্পাদক মেহেদী মোমিন জানান, প্রেসক্লাবে তৃতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে আইনজীবী রফিক-উল হক বলেন, মাহবুবুল আলম ছিলেন বড় মাপের একজন মানুষ। কেবল সাংবাদিকতাই নয়, বিভিন্ন ক্ষেত্রে মাহবুবুল আলম সফল অবদান রেখে গেছেন।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত শোকসভায় মাহবুবুল আলমকে ‘মাথার ওপর ছায়া’ উল্লেখ করে নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ছায়াহীন হয়ে যাচ্ছি৷ মূসা ভাই, গিয়াস কামাল চৌধুরী, আফতাব আহমেদ চলে গেছেন। এবার মাহবুবুল আলম ভাইও চলে গেলেন।’
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন৷
সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব-এর পক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷
সংবাদপত্র পরিষদের পক্ষে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সমকাল পত্রিকার প্রকাশক এ কে আজাদ, এনটিভির পক্ষে চেয়ারম্যান মোসাদ্দেক আলী, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ফাহিম মুনয়েম কফিনে ফুল দেন। বাংলাদেশ সংবাদ সংস্থা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলসহ সাংবাদিকদের বিভিন্ন ইউনিয়ন ও সংগঠন কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷
অন্যান্যের মধ্যে জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, জাসদের সভাপতি আ স ম আবদুর রব, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেন, ব্যবসায়ী নেতা আনিসুল হক, রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, মনজুরুল আহসান বুলবুল, শাহজাহান মিয়া, আলতাফ মাহমুদ, এম এ আজিজ, আবদুল জলিল ভুঁইয়া প্রমুখ।
মরহুমের ছোট ভাই ফরিদুল হাসান জানান, ৯ জুন বাদ মাগরিব তাঁর বাসভবনে (বাসা-১০/বি, সড়ক-৪৮, গুলশান-১) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে৷