বাবার কবরের পাশে চিরশয্যায় আলতাফ মাহমুদ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামে বাবা সুন্দর আলী খানের কবরের পাশে চিরশায়িত হলেন সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ।
গতকাল সোমবার বেলা ১১টায় গ্রামের বাড়ির সামনে মরহুম আলতাফ মাহমুদের শেষ জানাজা হয়। বেলা সাড়ে ১১টায় দাফন করা হয় তাঁকে। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামসুজ্জামান, পৌর মেয়র আবদুল ওহাব খলিফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী সায়েমুজ্জামান এবং বিভিন্ন উপজেলার সংবাদকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সাধারণ মানুষ।
এর আগে সকাল ১০টায় গলাচিপা পৌরসভার জৈনপুরি খানকার মাঠে আলতাফ মাহমুদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে তাঁর মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি।
বিশিষ্ট সাংবাদিক আলতাফ মাহমুদ গত রোববার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মেরুদণ্ড-সংক্রান্ত রোগে ভুগছিলেন। ঢাকা থেকে একটি বিশেষ হেলিকপ্টারে রোববার বিকেল সাড়ে চারটায় আলতাফ মাহমুদের মরদেহ গলাচিপা পৌর শহরে নিয়ে আসা হয়।