বাবার কবরের পাশে ঠাঁই হবে শহীদ সাইফুদ্দীন খালেদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হওয়া সাইফুদ্দীন খালেদ চৌধুরীর দেহাবশেষ পুনঃ দাফনের উদ্যোগ নিয়েছে তাঁর পরিবার। রাউজানের পাহাড়তলী এলাকার কবর থেকে ১২ এপ্রিল সাইফুদ্দীন খালেদের দেহাবশেষ তোলা হবে। ১৩ এপ্রিল নগরের দামপাড়া এলাকায় বাবা জহুর আহমদ চৌধুরীর কবরের পাশে তাঁকে পুনঃ দাফন করা হবে। গতকাল মঙ্গলবার সকালে নগরের দামপাড়ায় জহুর আহমদ চৌধুরী টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ‘শহীদ সাইফুদ্দীন খালেদ চৌধুরী স্মৃতি সংসদ’ ও পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে শহীদের ভাই আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ১৯৭১ সালের ১৩ এপ্রিল রাউজানের ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় (বর্তমান চুয়েট) পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে সাইফুদ্দীন খালেদসহ মোট পাঁচজন শহীদ হন। রাউজানের পাহাড়তলী এলাকায় শহীদদের দাফন করা হয়। মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘ ৪১ বছরেও কেউ শহীদ সাইফুদ্দীন খালেদ চৌধুরীর দেহাবশেষ স্থানান্তরের উদ্যোগ নেয়নি। তাই পারিবারিক উদ্যোগে সাইফুদ্দীনের মরদেহ পুনঃ দাফনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শহীদ সাইফুদ্দীন খালেদের আরেক ভাই নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সহযোগিতায় মরদেহ স্থানান্তরের প্রক্রিয়া সফল হয়েছে।স্থানীয় প্রশাসন আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে। ১২ এপ্রিল রাউজানের পাহাড়তলী এলাকা থেকে দেহাবশেষ উত্তোলনের পর ওই দিন নগরের জহুর আহমদ চৌধুরী টাওয়ারে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। পরদিন ১৩ এপ্রিল শুক্রবার জমিয়তুল ফালাহ মসজিদে বাদ জুমা জানাজা হবে। এরপর দামাপাড়ার পারিবারিক কবরস্থানে বাবার পাশে তাঁর দেহাবশেষ পুনঃ দাফন করা হবে।’ উল্লেখ্য, শহীদ সাইফুদ্দীন খালেদ চৌধুরী ১৯৭১ সালে নগরের সিটি কলেজ ছাত্র সংসদের সহ-সম্পাদক ছিলেন। ১৯৭১ সালের ১৩ এপ্রিল রাউজানে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে আরও চারজনের সঙ্গে তিনি শহীদ হন।