বাবার কাছে নিষাদের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে গতকাল নুহাশপল্লীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্ত্রী-পুত্রসহ স্বজনেরা  ছবি: প্রথম আলো
হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে গতকাল নুহাশপল্লীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্ত্রী-পুত্রসহ স্বজনেরা ছবি: প্রথম আলো

সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। প্রকৃতিও যেন বিষণ্ন। মা মেহের আফরোজ শাওনের সঙ্গে ছেলে নিষাদ ও নিনিত এসেছে বাবা হুমায়ূন আহমেদের কবরে। নিষাদের হাতে কয়েকটি ফুল। তার মধ্যে একটি কাগজে লেখা: ‘আই লাভ ইউ, বাবা’ আর একটি চিঠি।নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার গাজীপুরের নুহাশপল্লীতে শত শত ভক্ত তাঁর কবরে ফুল দেন ও জিয়ারত করেন। বাবার ভক্তদের সঙ্গে নিষাদও একটি ফুলের তোড়া রাখে বাবার কবরে। তাতে বাবার উদ্দেশে লেখা ছিল ছোট ওই কথাটি। আর ছিল তার আঁকা বাবার ছবি। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ছোট্ট দুটি হাত তুলে বাবার জন্য মোনাজাত করে সে।

 মেহের আফরোজ শাওন বলেন, ‘বড় ছেলে আমার কাছে প্রশ্ন করে, আজকে এখানে এত লোক কেন? বাবার কবরে সবাই ফুল দিচ্ছে কেন? বাবা কি ফুলগুলো নিতে আসবে?’ তিনি বলেন, ‘একটি বছর সবার কাছে একটা হিসাব মাত্র। গত বছরের ১৯ জুলাইয়ের পর থেকে প্রতিটি মুহূর্তই আমার জন্য একই রকম কষ্টকর। আজকের দিনটা আমার জন্য আলাদা কোনো দিন নয়।’শাওন জানান, হুমায়ূন আহমেদ আনন্দ অনুষ্ঠান পছন্দ করতেন। দুঃখের কোনো অনুষ্ঠান পছন্দ করতেন না। তাই মৃত্যুবার্ষিকীতে কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি।নুহাশপল্লীর আশপাশের কয়েকটি এতিমখানার প্রায় ৫০০ এতিমকে দাওয়াত করা হয়। বেলা তিনটার পর থেকে তারা কোরআন তিলাওয়াত করে। পরে কবর জিয়ারত ও ইফতার মাহফিলে অংশ নেয়।গতকাল সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের শত শত ভক্ত ছুটে আসেন তাঁদের প্রিয় হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে। এ ছাড়া বাদ জুমা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের নেতৃত্বে হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকেরা তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। পরে তাঁরা ইফতারেও অংশ নেন। নুহাশপল্লীতে প্রবেশ করেই হাতের বাঁ পাশে লিচুতলায় লেখকের কবরস্থানকে কমপ্লেক্স তৈরির কাজ চলছে। দর্শনার্থীদের জন্য আলাদা দরজা তৈরি করা হয়েছে, যাতে মূল পল্লীতে না প্রবেশ করেই লেখকের কবরের কাছে যেতে পারেন দর্শনার্থীরা। সাদা মারবেল পাথরে বাঁধাই করা হয়েছে কবরের মূল বেদি। চারপাশে স্বচ্ছ কাচঘেরা বন্ধনীতে লেখকের রচনা উৎকীর্ণ করার কাজও এগিয়ে চলছে।

ছেলের মৃত্যুবার্ষিকীর মিলাদে মা আয়েশা ফয়েজসহ আত্মীয়রা
ছেলের মৃত্যুবার্ষিকীর মিলাদে মা আয়েশা ফয়েজসহ আত্মীয়রা



মিরপুরে মিলাদ মাহফিল

গতকাল মিরপুরে হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের বাড়িতে পরিবার বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে আত্মীয়স্বজন ছাড়াও প্রতিবেশী, হুমায়ূন আহমেদের অনুরাগী ও সুহূদরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।  দোয়া পর্ব শেষে মা আয়েশা ফয়েজ বলেন, ‘দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল। মনে হয়, এই তো সেদিন পাশে হাঁটছে। ছেলে হারানোর শোক কি আর মুখে বলে বোঝানো সম্ভব।’ ভাই মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘পাঠকেরা তাঁকে এত ভালোবাসেন, এটাই আমাদের সান্ত্বনা। পাঠকের ভালোবাসার মধ্যে দিয়েই আমরা তাঁকে খুঁজে পাই।