বাবার কোলে শিশু বীথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে চার মাস পর বাগেরহাটের খুলনা বিভাগীয় নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার পর নির্যাতনের শিকার বীথি ফিরে গেল বাবার কোলে।
সাতক্ষীরার একজন বিচারকের বাড়ি থেকে গত ১৯ আগস্ট তৎকালীন মুখ্য বিচারিক হাকিমের উপস্থিতিতে পুলিশ বীথিকে উদ্ধার করে। ওই সময় ১০ বছরের বীথির শরীরের একাধিক স্থানে ক্ষত ও আঘাতের চিহ্ন ছিল। গতকাল বুধবার বাগেরহাট থেকে সাতক্ষীরায় এনে আদালতের মাধ্যমে বীথিকে তুলে দেওয়া হয় তারা বাবা গোলাম রসুলের হাতে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ জানান, উদ্ধার করার পর টানা ১৮ দিন হাসপাতালে ছিল বীথি। সে সময় বীথি পুলিশ ও সাংবাদিকদের সামনে তার ওপর নির্যাতনের কাহিনি তুলে ধরে জানিয়েছিল, তাকে গরম খুন্তি ও রুটির তাওয়া দিয়ে ছ্যাঁকা দিত।
এরপর ৫ সেপ্টেম্বর বীথিকে পাঠিয়ে দেওয়া হয় বাগেরহাটের খুলনা বিভাগীয় নিরাপদ আশ্রয়কেন্দ্রে। বাগেরহাটের খুলনা বিভাগীয় নিরাপদ আশ্রয়কেন্দ্রের অফিস সহকারী মহসীন হাওলাদার মুঠোফোনে বলেন, এখন বীথির দেহের নির্যাতনের চিহ্ন প্রায় অস্পষ্ট হয়ে গেছে। দুই মাসের বেশি সময় ধরে নির্যাতনের শিকার হওয়ায় হাড় জিরজিরে কঙ্কালসার বীথি এখন এক সুস্থ সবল শিশু।
সাতক্ষীরার মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জানান, বীথির ওপর নির্যাতনের বিচারের দাবিতে গত ২১ আগস্ট সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ও ২৫ আগস্ট সাতক্ষীরা জজ আদালতের সামনে সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়। ২২ আগস্ট তার সভাপতিত্বে এক সভায় একটি গণতদন্ত কমিটি করা হয়।
২১ আগস্ট মানববন্ধনে বীথির বাবা মাগুরার শালিখার বড় আমিয়ান গ্রামের গোলাম রসুল বলেছিলেন, বীথির ওপর নির্যাতন করেছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূরুল ইসলাম ও তাঁর স্ত্রী নাতাশা। তিনি আরও বলেন, ১ সেপ্টেম্বর সাতক্ষীরা থানায় তিনি নির্যাতনের মামলার আবেদন জমা দেন। পুলিশ মামলা না নিয়ে আবেদনটি ফেরত দেয়।
বীথির বাবা গোলাম রসুল বলেন, তিনি মেয়েকে কাছে পেয়ে খুশি। তাঁর মেয়ে এখন সুস্থ ও স্বাভাবিক। বীথি জানায়, সে খুব ভালো আছে। বাবার সঙ্গে সে বাড়ি যাচ্ছে। যত কষ্ট হোক সে আর অন্যরা বাসায় কাজ করবে না।