বাবার কোলে ফিরে গেল সোহানা

‘আমার মা কালকে হারায় গেছে। এই যে আমি আইছি, তুমি কাইন্দো না বাবা। বাবা ও বাবা তুমি কান্দো ক্যা? কান্নাজড়িত কণ্ঠে কোলে উঠে এভাবেই নিজের বাবাকে সান্ত্বনা দিচ্ছিল মা হারানো বছর চারেকের শিশু মাইশা আক্তার সোহানা।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মা মারা যাওয়া শিশু মাইশা আক্তার সোহানাকে আজ মঙ্গলবার তার বাবা সৈয়দ মো. সোহাগের হাতে তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসকের অফিস কক্ষে মেয়েকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বাবা। এ সময় সোহানা বাবার চোখ মুছে দিতে দিতে এসব কথা বলে।
আজ বিকেল সাড়ে চারটার মেয়ে সোহানাকে নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন সৈয়দ মো. সোহাগ। এর ১০ মিনিট পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স সাজেদা বেগম সোহানাকে নিয়ে ওই কক্ষে ঢোকেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবাকে দেখে দৌড় দিয়ে তাঁর কাছে যায় সোহানা। কোলে উঠে জড়িয়ে ধরে বাবাকে। এ সময় মেয়েকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বাবা।
সোহানা বাবার চোখ মুছে দিতে দিতে বলে, ‘আমার মা কালকে হারায় গেছে। এই যে আমি আইছি, তুমি কাইন্দো না বাবা। বাবা ও বাবা তুমি কান্দো ক্যা?’
ফরিদপুর হাসপাতালে গত শনিবার ভর্তির তিন ঘণ্টার মধ্যে সোহানার মা সৌখিন মারা যান। হাসপাতালের খাতায় পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায় তাঁদের স্বজনদের পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিয়ে ‘মা যাচ্ছেন কবরে, শিশুটি যাবে কোথায়?’ শিরোনামে প্রথম আলোর অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে সোহানা-সৌখিনের স্বজনদের পরিচয় পাওয়া যায়।
সোহানার ১৪ বছর বয়সী এক ভাই আছে। নাম সোহাদ। সে ফরিদপুর শহরের একটি ওয়ার্কশপে কাজ করে। তাদের মা সৌখিন ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত ফারুক বিশ্বাসের মেয়ে। দুই ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট সৌখিন।
মা মারা যাওয়ার পর সোহানাকে কোলে তুলে নেন ওই হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স সাজেদা বেগম। গত তিন দিনে সোহানা সাজেদার মাঝেই যেন খুঁজে পান তার হারানো মাকে। তাঁকে মা বলে ডাকতে শুরু করে দেয় সে।
বাবার কাছে তুলে দেওয়ার আগে জেলা প্রশাসক সোহানাকে বলেন, ‘তুমি কার সঙ্গে যাবে।’ এর জবাবে সোহানা জানায়, ‘আমি মায়ের (সাজেদা) সঙ্গে যাব।’ তবে বাবার কাছেই দেওয়া হয় তাকে। সন্ধ্যা সাতটার দিকে সোহানাকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হন বাবা সৈয়দ মো. সোহাগ। এ সময় সোহানার ভাই সোহাদও সঙ্গে ছিল।
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ‘সোহানাকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুটি বাবাকে দেখে যে ভাবে আঁকড়ে ধরেছে, তাতে আমরা নিশ্চিত যে শিশুটি সঠিক আশ্রয় পেয়েছে। আশা করি এই সোহানা ও সোহাদ ভালো থাকবে। তারা যেন তাদের মায়ের মতো দুর্ভাগ্যের শিকার না হয়।’
গণমাধ্যম কর্মী, হাসপাতালের স্টাফ নার্স, ফরিদপুর পলিটেকনিকের দুই ইনস্ট্রাক্টর ও আজাদ অটো ওয়ার্কশপের মালিক আজাদকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, এঁদের সহযোগিতার কারণেই শিশু দুটিকে তাদের বাবার হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে।
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে সোহানার মামা ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চানপুর গ্রামের সোহাগ বিশ্বাস জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। তিনি শিশুটির দায়িত্ব নিতে অস্বীকার করেন। তবে তাঁর বোন বাবার সম্পত্তির যে অংশের ভাগ পাবেন তা তিনি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে যে দুজন অজ্ঞাত ব্যক্তি সোহানার মাকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়েছেন, তাঁদের খোঁজ পাওয়া গেছে। তাঁরা হলেন—ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর মহিউদ্দিন মিঠু ও মেকানিক্যাল বিভাগের মো. আশরাফুল।
সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে মহিউদ্দিন মিঠু প্রথম আলোকে বলেন, ‘শনিবার বিকেল পাঁচটার দিকে ফরিদপুর শহরের গুড়বাজার সংলগ্ন শুকরিয়া বেকারির সামনে এক নারী মুখ থুবড়ে পড়ে ছিল। তাঁর পাশে একটি শিশু কাঁদছে। আমরা একটি অটোরিকশায় শিশুটিসহ ওই নারীকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কিন্তু রোগীর অবস্থা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি নেননি। পরে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দিয়ে আসি। রাতে শিশুটির মায়ের মৃত্যুর খবর জেনে পরদিন আমরা ফরিদপুর কোতোয়ালি থানায় যোগাযোগ করি। থানা লাশটি গ্রহণ করলেও শিশুটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। পরে আমরা জেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে যাই। সেখান থেকে জানানো হয় পুলিশ বা ডিসির অনুমতি ছাড়া এ ব্যাপারে তাদের করণীয় কিছু নেই। পরে ফরিদপুর জেলা প্রশাসকের কাছে গিয়ে পুরো বিষয়টা জানাই।’
নিহত সৌখিনের চাচা ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, সৌখিন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করায় পরিবার বিয়েটা মেনে নেয়নি। পরে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হলে বাবার বাড়িতে চলে আসে সৌখিন। কিন্তু বাড়িতে এলেও পরিবার তাঁকে গ্রহণ করেনি।
সৌখিনের ভাই সোহাগ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমার পক্ষে শিশুটির দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আমাদের পরিবারের জমি নিয়ে বিভিন্ন মামলা চলছে। এ মামলাগুলি নিষ্পত্তি হয়ে গেলে আমার বোনের ভাগ তাঁর সন্তানদের বুঝিয়ে দেব।’
শিশু সোহানার ভাই সোহাদ শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে আজাদ অটো ওয়ার্কশপে কাজ করে। ওই ওয়ার্কশপের মালিক মো. আজাদ প্রথম আলোকে জানান, ‘দুই মাস আগে আমার দোকানের সামনে শিশুটির মা অসুস্থ হয়ে পড়েন। তাঁর সঙ্গে দুই শিশু ছিল। শিশুটির মা আমাকে বলেছিলেন, ভাই আমাকে বাঁচান। তখন আমি ছেলেটিকে আমার ওয়ার্কশপে রেখে দিই। আর তার মাকে একটি বাড়িতে কাজের জন্য ঠিক করে দিই।’ তিনি বলেন, শিশুটির মা সৌখিন তাঁর বাবার বাড়িতে গিয়ে সম্পত্তির হিসাব চেয়েছিলেন। কিন্তু তাঁর ভাই সোহাগ এতে রাজি না হওয়ায় পরে তিনি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট) গিয়েছিলেন।
ব্লাস্টের ফরিদপুরের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী বলেন, ‘নিহত সৌখিন পরিবারের সম্পত্তি পাওয়ার জন্য আমার কাছে এসেছিলেন। আমরা এক সপ্তাহ আগে তাঁর ভাই সোহাগ বিশ্বাসকে নোটিশ দিয়েছিলাম।’
সোহানার বাবা সৈয়দ মো. সোহাগ বলেন, ‘একটি মামলায় আমি গত এক বছর কারাগারে ছিলাম। এ সময় বাড়ির জিনিসপত্র বিক্রি করে সংসার চালিয়েছে সৌখিন। গত জানুয়ারিতে আমি জামিনে আসার পর সৌখিন তাঁর বাবার পক্ষের সম্পত্তি উদ্ধারের চেষ্টা করে। এর অংশ হিসেবে গত ১৫ ফেব্রুয়ারি সে দুই সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দর থেকে ফরিদপুর এসেছিল।’
আরও পড়ুন...