বাবার খোঁজে মেয়ের ‘চিঠি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পাশে এম ইলিয়াস আলীর ছবি, অন্য পাশে ইলিয়াসের একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়ালের বিমর্ষ মুখের ছবি। দুটি ছবির সঙ্গে শিশু মনের কিছু কথা দেশবাসীর উদ্দেশে। ‘প্রিয় দেশবাসী, আমার বাবা এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে অক্ষত ও জীবন্ত ফিরে পেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি...।’সাইয়ারা নাওয়ালের এই ‘চিঠি’ এখন সিলেট ও বিশ্বনাথে মানুষের হাতে হাতে অনেকটা প্রচারপত্রের মতো বিলি হচ্ছে। আজ ১৭ সেপ্টেম্বর ইলিয়াস আলী ‘নিখোঁজের’ পাঁচ মাস হওয়া উপলক্ষে বাবার খোঁজে মেয়ের ‘চিঠি’ বিলি করতে দেখা গেছে বিএনপির নেতা-কর্মীসহ ইলিয়াসের নির্বাচনী এলাকার সাধারণ মানুষকে।ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন। তাঁর সন্ধান দাবিতে সিলেটসহ সারা দেশে টানা হরতালসহ বিক্ষোভ হয়েছে। ইলিয়াসের নির্বাচনী এলাকা বিশ্বনাথে গত ২২ এপ্রিল হরতাল পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্র ও যুবদলের তিন কর্মী নিহত হন। এ ঘটনার পর পুলিশ একাধিক মামলা করলে ইলিয়াসের সন্ধান দাবির আন্দোলন কিছুটা স্থবির হয়। ইলিয়াস নিখোঁজ হওয়ার তারিখকে ঘিরে তখন থেকে বিশ্বনাথসহ সিলেটে বিভিন্ন প্রতিবাদ ও সমাবেশ কর্মসূচি পালন করা হচ্ছে।সিলেটের কোর্ট পয়েন্টে গত বৃহস্পতিবার বিকেলে ‘ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ’-এর ছাত্র-গণজমায়েত থেকে বিলি করা হয় সাইয়ারা নাওয়ালের বাবাকে ফিরে পাওয়ার ওই চিঠি। প্রধানমন্ত্রীসহ দেশের প্রশাসন ও দায়িত্বশীলদের প্রতি আকুতি জানিয়ে চিঠির সমাপ্তি টানা হয়েছে এভাবে—‘বাবা ফিরে আসবে, এ প্রত্যাশা নিয়ে আপনাদের আন্তরিকতা ও সহমর্মিতার প্রতিক্ষায় রইলাম...।’ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খান জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা জমায়েতে উপস্থিত লোকজনের হাতে হাতে ছিল ওই চিঠি। শুধু দলীয়ভাবে নয়, ইলিয়াস আলীর নির্বাচনী এলাকার সাধারণ মানুষকে নিজ দায়িত্বে ওই চিঠি বিলি করতে দেখা গেছে। চিঠি পড়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়ে। ইলিয়াসকে ফিরে না পাওয়া পর্যন্ত মানুষের এমন আবেগ-আকুতি থাকবে বলে আশা প্রকাশ করেন ইলিয়াস আলীর ব্যক্তিগত কর্মকর্তার দায়িত্ব পালনকারী জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ময়নুল হক। তিনি জানান, সিলেটে বিএনপির প্রতিটি কর্মসূচিতে ‘ইলিয়াসকে ফিরিয়ে দাও’ দাবির স্লোগান রাখার সিদ্ধান্ত জেলা কমিটির জরুরি সভায় নেওয়া হয়েছে। নিখোঁজ হওয়ার পর যত দিন যাচ্ছে, ইলিয়াসের সন্ধান দাবি তত জোরালো হচ্ছে।