বাবার জানাজায় অংশ নিতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছিলেন জুয়েল আবদুর রহমান ওরফে শিপন (২৬)। কিন্তু নিজেই সড়ক দুর্ঘটনায় লাশ হলেন। গত শুক্রবার হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিপনসহ প্রাণ হারান সাতজন। এঁদের মধ্যে দুই ভাইও রয়েছেন। একই দিন লাখাই ও নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন।
বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত শিপনের বাড়ি সিলেটের মোঘলার বাজার থানার হরিনাথপুর গ্রামে। অপর নিহত ছয়জন হলেন মাইক্রোবাসের চালক মৌলভীবাজারের গোবিন্দপুর গ্রামের দেলোয়ার হোসেন ইমন (৩০), সিলেটের হরিনাথপুর গ্রামের নূরুল ইসলাম (৫৬), একই গ্রামের আমির উদ্দিন (২৮) ও জসিম উদ্দিন (২২) এবং মোটরসাইকেল আরোহী বাহুবল উপজেলার জশপাল গ্রামের লগুজ মিয়ার দুই ছেলে খোকন (২৫) ও রোকন (২২)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে শিপনের বাবা মোখলেসুর রহমান মারা যান। বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য গত শুক্রবার সকালে ঢাকা থেকে তিন আত্মীয়কে নিয়ে তিনি মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। বিকেল তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার তুবলি এলাকায় পৌঁছলে সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী খোকন ও তাঁর ভাই রোকন প্রাণ হারান। এ ঘটনায় মাইক্রোবাসের যাত্রী শিপন, তাঁর তিন আত্মীয় ও চালক নিহত হন।
একই দিন বেলা ১১টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের করাব এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একসট এনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের দেওয়ান আলী (২৫) নিহত হন।
ভোর সাড়ে পাঁচটায় হবিগঞ্জ-নবীগঞ্জ উপজেলা সড়কের শিবগঞ্জ এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় শহীদুল মিয়া (৬০) নামে এক ব্যক্তি মারা যান। শহীদুল শিবগঞ্জ বাজার এলাকার নৈশপ্রহরী ছিলেন।