বাবার জেদ, মায়ের কান্না
‘লোভে পইড়া স্বামী তিনডার মধ্যে একটারে পালক (দত্তক) দিবার চায়। আমি এতে রাজি অই নাই। হের লাইগ্যা আমারে ঘরেও নিতাছে না। নেওনের লাইগ্যা কয়েক দিন স্বামীর পাও ধইরা কান্নাকাডি করছি। কিন্তু উনি হুনেন নাই। তাই সাত মাস ধইরা তিন ছেলেদের নিয়া বাবার বাড়িতেই কষ্ট করতাছি।’কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বললেন যমজ তিন ছেলের মা চায়না আক্তার (২৩)। অসুস্থ ছেলে তিনটিকে নিয়ে চায়না তিন সপ্তাহ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। গত শুক্রবার তারা বাড়ি ফিরেছে।জানা যায়, বছর কয়েক আগে উপজেলার মোজাফফরপুর গ্রামের সামছু মিয়ার ছেলে নূরুল ইসলামের সঙ্গে একই গ্রামের আবদুল জব্বারের মেয়ে চায়না আক্তারের বিয়ে হয়। নূরুল পেশায় দিনমজুর। অভাবের সংসারে রিয়ামণি (৩) ও মেহেদী হাসান (২) নামের তাঁদের দুই ছেলেমেয়ে আছে। এ অবস্থায় সাত মাস আগে চায়নার কোলজুড়ে আসে যমজ তিন শিশু। নাম রাখা হয়—রিমন, সুমন ও ইমন। জন্মের পরপরই বিভিন্ন সুযোগ-সুবিধার লোভে পড়ে নূরুল এক নবজাতককে দত্তক হিসেবে অন্যের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু চায়না এতে রাজি হননি। এ কারণে ক্ষুব্ধ হয়ে নূরুল তিন নবজাতকসহ স্ত্রীকে ঘরে তুলতে রাজি হননি। এর পর থেকে চায়না তাঁর যমজ সন্তানদের নিয়ে বাবার বাড়িতেই আছেন। এখন তিন শিশুকে নিয়ে কষ্টে দিন কাটছে তাঁর।এদিকে প্রয়োজনীয় সেবাযত্নের অভাবে শিশু তিনটি প্রায় অসুস্থ থাকে। তাদের নিয়ে ঘন ঘন হাসপাতালে ছুটতে হয়। সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় চায়না আক্তারের সঙ্গে। চায়না আরও বলেন, ‘একজন বাচ্চা অসুস্থ হইলে তিনজনই অসুস্থ হইয়া পড়ে। কিছুদিন পরপরই তাদের এ অবস্থা হয়। কিন্তু তাদের বাবা একবারের জন্যও সন্তানদের দেখতে আহে নাই। তিন পোলারে লইয়া কী যে কষ্ট করতাছি, তা বুঝাইতাম পারতাম না।’চায়নার মা রহিমা বেগম বলেন, ‘মেয়ে ও নাতিদের পালতে গিয়া গরুসহ অনেক কিছুই বেইচা দিছি। এহন হাত খালি। এমনকি হাসপাতালে থাকবার লাইগ্যা মশার কয়েল কিনবারও পয়সা নাই।’স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীমা সুলতানা বলেন, শিশু তিনটির ঠান্ডাজনিত সমস্যা হলেও নিউমোনিয়া হয়নি। তিনি আরও বলেন, ‘একজন মা ও তাঁর নবজাতক সুস্থ থাকার জন্য যে সেবাযত্ন ও পরিবেশের দরকার, তারা তা পাচ্ছে না। এ কারণে অসুস্থ সন্তানদের পাশাপাশি তাদের অসহায় মায়ের প্রতিও আমরা খেয়াল রাখছি।’