বাবার টাকায় নির্বাচনে আ.লীগের প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয় নেই এক টাকাও। কাছে নগদ টাকা বলতে আছে মাত্র ৫০ হাজার। এর বাইরে দুই ভরি স্বর্ণ থাকলেও স্থাবর সম্পদ নেই। কিন্তু দুটি ব্যাংকে রয়েছে প্রায় অর্ধকোটি টাকার ঋণ।

এ অবস্থা মেয়র পদে ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী শশধর সেনের। তাঁর দাবি, বাবার দেওয়া টাকায় নির্বাচনের খরচ মেটাচ্ছেন তিনি। তাঁর বিপরীতে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক আয় ও সম্পদ উভয় দিক দিয়েই এগিয়ে।

রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষিত’ হিসেবে উল্লেখ করেছেন শশধর সেন। পেশার ঘরে তিনি লিখেছেন ‘মেসার্স শশধর সেন’। তবে নিজের আয়ের কোনো বিবরণ তিনি দেননি। আয় ও সম্পদ না থাকলেও তিনি হলফনামায় উল্লেখ করেছেন একটি বেসরকারি ব্যাংকের ময়মনসিংহ শাখায় তাঁর ৩৫ লাখ টাকা (সিসি লোন) ও সোনালী ব্যাংকের ফুলপুর শাখায় ১০ লাখ টাকা ঋণ আছে। তবে তিনি ঋণখেলাপি নন বলে উল্লেখ আছে।

হলফনামায় দেওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে শশধর সেন প্রথম আলোকে বলেন, ‘আমার বর্তমানে কোনো ব্যবসা নেই। আগে রড-সিমেন্টের ব্যবসা ছিল। সেই দোকান কিছুদিন আগে বন্ধ করে দিয়ে নির্বাচনী কার্যালয় বানিয়েছি।’

এদিকে হলফনামা মোতাবেক, ফুলপুর পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হকের আয়, শিক্ষা ও সম্পদ সবই আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে বেশি। হলফনামায় আমিনুল উল্লেখ করেছেন, তিনি আলিম পাস। কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ৭০ হাজার টাকা। এ ছাড়া নগদ টাকা রয়েছে ৩ লাখ ৪৯ হাজার। এর বাইরে স্থাবর সম্পদ হিসেবে রয়েছে দেড় একর কৃষিজমি। আমিনুলের নিজের নামে একটি ব্যাংকে ৫৪ হাজার ৯০০ টাকার কৃষিঋণ এবং স্ত্রীর নামে একটি বেসরকারি সংস্থায় ৪১ হাজার টাকার ঋণ আছে।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. শাহজাহান। তিনি দুই মেয়াদে ১২ বছর ফুলপুর পৌরসভার মেয়র। হলফনামায় দেওয়া তথ্য মোতাবেক, শাহজাহানের নগদ টাকা আছে মাত্র ১ লাখ ৯০ হাজার টাকা।  তাঁর বার্ষিক আয় ব্যবসা খাত থেকে মাত্র ৩৫ হাজার টাকা। আর মেয়র হিসেবে সম্মানী পান বার্ষিক ২ লাখ ৪০ হাজার টাকা। শিক্ষাগত যোগ্যতার বিএ পাস।