বাবার দাবি ধর্ষণের পর হত্যা করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে নুরুন্নাহার (১৪) নামের এক কিশোরীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কিশোরীর বাবা দাবি করেছেন, পাড়ার কতিপয় বখাটে তাঁর মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে। পরে এ ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার চালাতে লাশ নির্জন চরের একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ তাঁর কাছ থেকে একটি কাগজে টিপসই নেয়। পরে তিনি জানতে পারেন, ঘটনাটি অপমৃত্যুর মামলা (ইউডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। নান্দাইল মডেল থানার পুলিশ গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে নুরুন্নাহারের লাশ উদ্ধার করে পরদিন কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। তার বাড়ি নান্দাইল উপজেলার বেতাগৈর ইউপির চর ভেলামারি গ্রামের বন্দেরচরপাড়ায়।গত বৃহস্পতিবার ঘটনাস্থলে গেলে কথা হয় নুরুন্নাহারের বড় ভাই গফরগাঁও রোস্তম আলী গোলন্দাজ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আল আমীনের সঙ্গে। সে জানায়, ২০ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে তার বোনকে বাড়ির কাছের একটি সেচকলে পাঠানো হয় বোরো জমির পানির সিরিয়াল নেওয়ার জন্য। এর পর থেকে সে নিখোঁজ হয়। প্রতিবেশী হান্নান (১২) নামে এক শিশু জানায়, নুরুন্নাহারকে ওই সময় সে পাশের বাড়ির আমিনুল হকের ছেলে রাজীব মিয়ার (১৪) সঙ্গে কথা বলতে দেখেছে। চলে আসার সময় হান্নান সেখানে একটি ঝোপের আড়ালে আরও তিন-চারজন অপরিচিত যুবককে দেখতে পায়। মামলাটির তদন্ত কর্মকর্তা হলেন উপপরিদর্শক মো. নুরুল ইসলাম। তিনি বৃহস্পতিবার রাতে বলেন, ২১ ফেব্রুয়ারি সকালে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে লাশের সঙ্গে তিনি হাসপাতালের মর্গে যান। বিকেলে থানায় এসে জানতে পারেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন তিনি দেখতে পাননি। ধর্ষণ করা হয়েছে কি না, তা পরীক্ষার জন্যও বলা হয়েছে। বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নির্জন চরে মেয়েটির লাশ পাওয়ায় ঘটনাটি সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। এখন ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর মামলার গতি-প্রকৃতি নির্ভর করবে।