ফেনীর দাগনভূঞা থানার পুলিশ গতকাল বুধবার দুপুরে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের বারইকান্দি গ্রাম থেকে বিবি মায়া (৩৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। স্বামীর পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। বাবার দাবি, তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।পুলিশ জানায়, উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের বারইকান্দি গ্রামের দীন মোহাম্মদের স্ত্রী বিবি মায়া ঘরের ভেতর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন, এমন খবর শুনে পুলিশ লাশ উদ্ধার করার জন্য সেখানে যায়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শ্বশুরবাড়ির লোকজন লাশ নামিয়ে শুইয়ে রাখে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। বিবি মায়ার বাবা ছিদ্দিকুর রহমান অভিযোগ করেন, দীন মোহাম্মদ একজন মাদকসেবী। বিভিন্ন সময় নানা অজুহাতে তিনি তাঁর স্ত্রীকে মারধর করেন এবং শ্বশুরবাড়ি থেকে টাকাপয়সা দাবি করেন। টাকাপয়সা দিতে দেরি হলেই স্ত্রীকে মারধর শুরু করেন। কিছুদিন থেকে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা কিনে দেওয়ার বায়না ধরেন। এ নিয়ে স্ত্রীকে একাধিকবার মারধর করে বাপের বাড়ি পাঠান। গত মঙ্গলবার রাতেও মারধর করা হয়। একপর্যায়ে তিনি মারা গেলে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার কথা প্রচার করা হয়। ঘটনার পর থেকে দীন মোহাম্মদ পলাতক রয়েছেন।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, স্বামীর পক্ষ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার দাবি করলেও গৃহবধূর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাবার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।