বাবার দায়ের আঘাতে নেশাগ্রস্ত ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশাগ্রস্ত যুবক আবদুল মালিক (২৫)। নেশার টাকা জোগাড় করা নিয়ে মা-বাবার সঙ্গে বচসা হতো। হাতাহাতিও হতো। একপর্যায়ে ধৈর্য হারিয়ে ফেলেন বাবা। হাতের পাশে থাকা দা দিয়ে আঘাত করেন ছেলেকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলের। সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের কলাদাপনিয়া গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঘটনার পর অনুতপ্ত বাবা ‘বদ ছেলেরে নিজ হাত দিয়া বধ করলাম’ বলে অনুশোচনা করে বাড়ি থেকে বেরিয়ে যান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুহি মিয়ার একমাত্র ছেলে আবদুল মালিক। গতকাল সকালে ছেলের সঙ্গে মায়ের বচসা শুনে মুহি মিয়ার ঘুম ভেঙে যায়। পরে তাঁর সঙ্গেও ছেলের বচসা হয়। একপর্যায়ে তিনি ধৈর্য হারিয়ে ফেললে এ খুনের ঘটনা ঘটে। জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান বলেছেন, আবদুল মালিক মাদকাসক্ত। এলাকার লোকজনও তাঁর ওপর অতিষ্ঠ ছিল। ময়নাতদন্ত শেষে সন্ধ্যার পর লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় নিহতের মা তৈয়মুন নেছা পুরো ঘটনা বর্ণনা করে থানায় লিখিত বক্তব্য দিয়েছেন। এতে ছেলের নেশার কথা উল্লেখ করা হয়েছে। তবে গতকাল রাত ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি।তৈয়মুন নেছা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছেলের নেশা ও নেশার টাকা নিয়ে ঝগড়ার কথা স্বীকার করেন। ঘটনার পর থেকে স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।