বাবার দায়ের কোপে মাদকাসক্ত ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামে বাবার দায়ের কোপে মাদকাসক্ত ছেলে তাজুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম বেশ কিছুদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকাসক্তিতে জড়িয়ে পড়েন। তাঁর কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে কিছুদিন আগে তাঁর বাবা মো. মোস্তফা তাঁকে পুলিশের হাতে তুলে দেন। এক সপ্তাহ আগে তাজুল তাঁর সহযোগীদের সহায়তায় জামিনে ছাড়া পান। এরপর তাঁর বাবাসহ পরিবারের সদস্যদের নানা হুমকি-ধমকি দিতে থাকেন।
গতকাল দুপুর ১২টার দিকে তর্কাতর্কির একপর্যায়ে ছেলে তাজুল ইসলাম তাঁর বাবাকে মারতে তাঁর দিকে তেড়ে যান। এ সময় বাবা মোস্তফা পাশে থাকা দা দিয়ে ছেলের ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জানতে চাইলে বাবার দায়ের কোপে মাদকাসক্ত ছেলে নিহত হওয়ার কথা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ঘটনার পরই নিহত তাজুল ইসলামের বাবাসহ পরিবারের সবাই বাড়ি ছেড়ে আত্মগোপন করেন। এ ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ সেরু মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।