বাবার দুঃখ ঘোচানোর স্বপ্ন কেড়ে নিল একটি বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনমজুর কৃষক বাবার দুঃখ ঘোচানোর স্বপ্ন পূরণ হলো না মিজানুর রহমানের (২৮)। মিজানুরের এই স্বপ্ন কেড়ে নিয়ে তাঁর ওপর নির্ভরশীল গোটা পরিবারকে দুঃখের সাগরে ভাসিয়ে দিল চলাচলের অযোগ্য একটি যাত্রবাহী বাস। মিজানুর রহমান সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়িমহল গ্রামের মংলা গাজীর ছেলে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাত্র ১৫ দিন আগে মিজানুর রহমান শ্যামনগরের ব্রাক অফিসে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কারিগরি সহকারী) পদে যোগদান করেন। এবার ঈদের আগে বাবা-মা ও দুই ভাইকে সাধ্যমতো পোশাক কিনে দিয়ে মিজানুর বলেছিলেন ‘আল্লাহ তৌফিক দিলে বেতন পেয়ে সবাইকে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে কোরবানির ঈদ পালন করব।’ ঈদের ছুটি শেষে গতকাল ছিল তাঁর প্রথম কার্যদিবস। অফিসের কাছে সকাল সাড়ে ১০ টার দিকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস মুহূর্তে ভেঙে দেয় তাঁর সব স্বপ্ন। বাসযাত্রী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের অনামিকা মণ্ডল ও রহমত আলী জানান, অতিরিক্ত যাত্রী নিয়ে শ্যামনগর থেকে কালীগঞ্জের দিকে যাওয়ার পথে সামান্য এগোতেই বাদঘাটা এলাকায় গেটলক বাসটির সামনের একটি চাকা বিস্ফোরিত হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সাইকেল আরোহী মিজানুরকে নিয়ে গাছের সঙ্গে প্রচণ্ডগতিতে ধাক্কা খায়। মিজানুর গাছ ও বাসের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় প্রায় ৬০ জন যাত্রী কমবেশী আহত হয়।