বাবার দেওয়া জমি স্বামীর নামে লিখে না দেওয়ায়...
বাবার দেওয়া জমি স্বামীর নামে লিখে না দেওয়ায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। সিলেটের কানাইঘাট উপজেলার দলিবিল গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম নাজিরা বেগম (১৯)। তাঁকে গুরুতর অবস্থায় প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।পুলিশ ও আহত হওয়া গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে দলিবিল গ্রামের ফারুক আহমদের (৩২) সঙ্গে পাশের তিনছড়ি গ্রামের নাজিরার বিয়ে হয়। নাজিরা তাঁর বাবার পরিবারের বড় মেয়ে। তাই বিয়ের সময় বাবা তাঁর নামে তিন শতক জমি লিখে দেন। অভিযোগ রয়েছে, স্বামীর নামে ওই জমি লিখে দেওয়ার জন্য নাজিরাকে সময় সময় চাপ দেওয়া হতো। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সেহির খাওয়ার পর ফারুক ওই জমি তাঁর নামে লিখে দিতে রাজি হওয়ার জন্য নাজিরাকে চাপ দেন। কিন্তু নাজিরা তাতে অস্বীকৃতি জানান। এতে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ফারুক রান্নাঘর থেকে দা এনে নাজিরাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহতাবস্থায় নাজিরাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। গতকাল বুধবার দুপুরে নাজিরাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিত্সক জাকির হোসেন জানান, নাজিরার কণ্ঠনালির দুই দিকে দুটি, পিঠে ও ডান হাতের কবজির পাশে আরও দুটো জখম রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে এ তিন জায়গায় ১৫০টি সেলাই দেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত নয়। অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।