বাবার পর একই কায়দায় ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন আবদুল হাসিব (৪০)। পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে একটি দা ছুড়ে মারে। ওই দা গলায় গিয়ে আটকে থাকে। ওই অবস্থাতেই তিনি দৌড়ে কাছের একটি মুদি দোকানে যান। সেখানে গিয়ে উপস্থিত কয়েকজন লোকের কাছে ঘটনাটি জানান। পরে তিনি একটি সাদা কাগজে হামলাকারী ব্যক্তিদের নাম লেখেন কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলার পূর্ব কসকনকপুর গ্রামে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনায় হাসিবের স্ত্রী হোসনারা বেগম বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। প্রায় ১২ বছর আগে হাসিবের বাবা আবদুল মন্নানকেও একই কায়দায় হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ ও হাসিবের পরিবার সূত্র জানায়, চার সন্তানের জনক আবদুল হাসিব পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। প্রতিদিনের মতো সোমবার কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। সন্ধ্যা সাতটার দিকে তিনি চিৎকার করে তাঁর বাড়ির কাছাকাছি একটি মুদি দোকানে যান। সেখানে উপস্থিত গ্রামের চার-পাঁচজনকে গলায় দা দেখিয়ে ঘটনার বর্ণনা দেন। একপর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ রাতেই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন কুমার দেবনাথ প্রথম আলোকে জানান, হাসিবের লিখে যাওয়া নাম অনুযায়ী ওই এলাকার শরিফ আহমদ, আবদুস শাকুর, আরিফ আহমদ নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।