বাবার পরে মা মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবৈধ গ্যাস-সংযোগ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পান ব্যবসায়ীর মৃত্যুর তিন দিন পর তাঁর শিশু মেয়ে ও স্ত্রী চলে গেলেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
মৃত দুজন হলেন প্রয়াত পান ব্যবসায়ী সুভাষ চন্দ্র সাহার (৫৫) স্ত্রী রিনা সাহা (৪৫) ও তাঁদের মেয়ে রুমকি সাহা (১৫)। রুমকি সফিপুর মালেক মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ত।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইউনিটের আবাসিক সার্জন চিকিৎসক তানভীর আহমেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে রিনার শরীরের ৯০ শতাংশ ও রুমকির ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। রিনার ছেলে রিন্টুর (২৮) শরীরের ৭০ শতাংশ ও সুমনের (১৭) শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থা সংকটাপন্ন। তাঁদের আত্মীয়স্বজন কাছে না পাওয়ায় চিকিৎসা ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কালিয়াকৈরের সফিপুর রঙ্গারটেক এলাকায় আবুল হোসেনের চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন সুভাষ। গত ৩০ সেপ্টেম্বর রাতে সুভাষের ফ্ল্যাটের রান্নাঘরের চুলার সংযোগ থেকে ফুটো হয়ে গ্যাস বের হতে থাকে। রাত তিনটার দিকে সুভাষ ধূমপানের জন্য দেশলাই জ্বালালে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে সুভাষ, তাঁর স্ত্রী, মেয়ে ও দুই ছেলে দগ্ধ হন। পরে লোকজন এসে পাঁচজনকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সুভাষের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. হারিজ উজ্জামান সুভাষ ও তাঁর স্ত্রী-মেয়ের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, অবৈধ গ্যাস সংযোগের ফলে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করা হচ্ছে।