বাবার পাশে আর ঘুমোতে পারবে না রিকি দে
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত দেবব্রত দের (৪৬) মেয়ে বারবার বাবাকে দেখতে চাচ্ছিল। একই দুর্ঘটনায় দেবব্রতর স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছেন।গতকাল সোমবার মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় দেবব্রত দেসহ দুজন মারা যান। আহত হন দেবব্রতর স্ত্রী মেরি দে (৩০), মেয়ে রিকি দে (৭) ও ছেলে হূদয় দে (৪)। তাঁরা সবাই ছিলেন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।দেবব্রতর বড় ভাই কালিপদ দে জানান, গত রোববার ফেনী থেকে দেবব্রত মিরসরাইয়ের নিজামপুরে মামাশ্বশুরের বাড়ি আসেন। দুই দিন আগে দেবব্রতর স্ত্রী দুই সন্তানকে নিয়ে সেখানে বেড়াতে এসেছিলেন। সন্তানদের না দেখে থাকতে পারছিলেন না দেবব্রত। অবশেষে তাঁদের নিজ বাড়ি ফেনীর নাজির সড়কে ফিরিয়ে নিতে এসে নিজেই লাশ হয়ে ফিরলেন দেবব্রত।দুর্ঘটনার পরই দেবব্রতের স্ত্রী ও দুই সন্তানকে মিরসরাই সদরের বেসরকারি হাসপাতাল মাতৃকায় ভর্তি করা হয়। আহত অবস্থায় বাবাকে বারবার খুঁজছিল মেয়ে রিকি দে। এ সময় মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক জামশেদ আলমও রিকি দের অবস্থা দেখে কেঁদে ফেলেন। তিনি বলেন, আহত রিকি দে চিকিৎসকদের অনুরোধ করেছিল, তাঁকে যেন ঘুম পাড়ানোর ব্যবস্থা করা হয়। তবে এর আগে তার বাবা দেবব্রতকে তার পাশে আনতে হবে, কারণ বাবাকে ছাড়া সে ঘুমোতে পারবে না। মাতৃকা হাসপাতালে গিয়ে জানা যায়, স্ত্রী মেরি দেসহ তাঁর দুই সন্তানকে তখনো দেবব্রতর নিহত হওয়ার ঘটনা জানানো হয়নি।