বাবার পাশে ছিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টের খুনিরা মহান স্বাধীনতাযুদ্ধে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান সম্পর্কে জানত, তাই তাঁকেও নির্মমভাবে হত্যা করেছে। ঘাতক চক্র ভীত ছিল, বঙ্গবন্ধুর পরিবারের কেউ বেঁচে থাকলে বাংলাদেশের মানুষ আবার ঘুরে দাঁড়াবে। তাই খুনিরা গৃহবধূ, অন্তঃসত্ত্বা মা, শিশু কাউকে বাঁচতে দেয়নি।

গতকাল মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, ঘাতকের দল জানত এ দেশের স্বাধীনতার পেছনে আমার মায়ের অবদান। তাই আমার মায়ের ওপরও তাদের আক্রোশ ছিল। আমার মায়ের ওপর যেভাবে গুলি চালিয়েছে, সেটা কখনো ভাবতেও পারিনি। আর একটা বাড়িতে শুধু নয়, তিনটা বাড়িতে একসঙ্গে আক্রমণ করেছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বারবার কারাবরণ, রাজনৈতিক আন্দোলন, ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। পুরোনো স্মৃতি বলতে গিয়ে আবেগতাড়িত হন তিনি, চোখও মোছেন।

আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘আসলে আমার আব্বা মায়ের মতো একজন সাথি পেয়েছিলেন বলেই সংগ্রাম করে সফলতা অর্জন করতে পেরেছিলেন। জীবনের সব আশা-আকাঙ্ক্ষা, সব ভোগ-বিলাস বিসর্জন দিয়ে আমার বাবার পাশে থেকে এ দেশের মানুষকে স্বাধীনতা দিয়ে গেছেন আমার মা।’ তিনি বলেন, ‘বাবার পাশে থেকে মা যদি ত্যাগ স্বীকার না করতেন, তাহলে হয়তো আজকে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আম্মা অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে আব্বাকে সহায়তা করতেন।’

বঙ্গমাতা সম্পর্কে মানুষ খুব কম জানে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেগম মুজিব স্বশিক্ষিত ছিলেন। তবে পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। নিজে নিজে পড়াশোনা করতেন। বঙ্গবন্ধু বেগম মুজিবের জন্য বই নিয়ে আসতেন। পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বই পড়া বাসার একটা প্রথাই ছিল। এ বিষয়ে বেগম মুজিবের সব থেকে বেশি আগ্রহ ছিল। শেখ হাসিনা বলেন, ‘মা খুব অল্প বয়সে মা-বাবাকে হারান। আমার দাদা-দাদির কাছে বেড়ে ওঠার সময় অল্প বয়সে তাঁর মধ্যে সাহস, বিচক্ষণতা ও দূরদর্শিতা গড়ে উঠেছিল।’

প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘বাবাকে কখনো টানা দুই বছরও আমাদের মাঝে পাইনি। আম্মা চাইলে স্বামীকে সংসারের চারদেয়ালে আবদ্ধ করতে পারতেন, কিন্তু তিনি কখনো ব্যক্তিগত-পারিবারিক সুখ-স্বাচ্ছন্দ্যের দিকে তাকাননি। ফলে আমরা সন্তানেরা বঞ্চিত হয়েছি এবং আম্মাকেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়েছে।’

জাতির এক সন্ধিক্ষণে বেগম মুজিবের একটি সিদ্ধান্ত বাঙালিকে মুক্তির সংগ্রামে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় প্যারোলে মুক্তি নিতে চাপ দেওয়া হয়। মাকে ভয় দেখানো হয়েছিল, পাকিস্তানিদের শর্ত না মানলে তিনি বিধবা হবেন। কিন্তু মা কোনো শর্তের বিনিময়ে মুক্তিতে রাজি হননি। আব্বাও প্যারোলে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মায়ের মেসেজ ঠিক সময়ে বাবাকে জানাতে পারায় এবং প্যারোলে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে সে সময় অনেক আওয়ামী লীগ নেতাই আমাকে বলেন, তুমি কেমন মেয়ে হে, বাবার মুক্তি চাও না!’

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন নারী ও শিশু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রেবেকা মোমিন। সাংসদ ফজিলাতুন্নেছা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আরও কর্মসূচি

ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে ছিল মিলাদ, দোয়া ও আলোচনা সভা।

এর মধ্যে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শ্রমিক লীগ বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জাতীয় জাদুঘরে আলোচনা সভার আয়োজন করে।

সংসদ ভবনের মেডিকেল সেন্টারের সামনে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে হুইপ শহিদুল ইসলাম সরকার, সাংসদ নুর-ই-আলম চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ প্রমুখ বক্তব্য দেন।